আজ রুশ-বেলারুশ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কি অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের ফাইনাল দেখবেন? কানে শব্দরোধী কিছু দিয়ে তবেই টেলিভিশনের সামনে বসুন। নইলে শব্দদূষণে শ্রবণেন্দ্রিয়ের ক্ষতি হতে পারে। আজ ফাইনালে যে মুখোমুখি দুই ‘চিৎকার রানি’ মারিয়া শারাপোভা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।শট খেলার সময় চিৎকারে সমান হলেও অভিজ্ঞতায় শারাপোভার চেয়ে পিছিয়ে আজারেঙ্কা। তবে এই বেলারুশিয়ান মানতে নারাজ অভিজ্ঞতা তেমন বড় কোনো পার্থক্য গড়ে দেবে। ২২ বছর বয়সী আজারেঙ্কার এটা প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল হলেও শারাপোভার এটা ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচটি ফাইনালের তিনটিতেই জিতেছেন রাশিয়ার শারাপোভা, যার একটি আবার ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনই। তবে ওটাই শেষ।মুখোমুখি লড়াইয়ে অবশ্য কেউ কারে নাহি ছাড়ে অবস্থা। আগের ছয়টি ম্যাচে সাম্যবাদী সোভিয়েত ইউনিয়নের সাবেক দুই রাজ্যের দুই খেলোয়াড় আছেন সাম্যাবস্থায়। দুজনই জিতেছেন তিনটি করে ম্যাচে। হার্ড কোর্টে খেলা চার ম্যাচেও সমান দুটি করে জয় দুজনের। তবে ২০১০-এর স্ট্যানফোর্ড ও ২০১১ সালে মায়ামির ফাইনাল জিতে ফাইনালে ২-০-তে এগিয়ে আজারেঙ্কা।তবে আজারেঙ্কার কাছে অতীত অতীতই। আজকের ফাইনালটা যে পুরোপুরিই একটা নতুন খেলা, সেটা মনে করিয়ে দিয়ে কাল যেমন বললেন, ‘ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। এটা টুর্নামেন্টের আলাদা একটা পর্ব। এটা এমনই যুদ্ধ, যেখানে আপনাকে সর্বস্ব নিংড়ে দিতে হয় এবং দেখতে হয় কতটা ভালোভাবে আপনি সবকিছু সামলেছেন।’বয়সে দুই বছরের বড় শারাপোভা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, অভিজ্ঞতাতেও কিছুটা এগিয়ে। সেটা মেনে নিয়েই আজারেঙ্কার কথা, ‘জানি, সে খুব কঠিন প্রতিপক্ষ। সে এখানে ফাইনাল খেলেছে, সে এখানে জিতেছে, তাই তার অভিজ্ঞতাও বেশি। (তবে) এটা আমাকে ভাবায় না।’শারাপোভাও অভিজ্ঞতায় এগিয়ে থাকাটাকে বড় কিছু মনে করছেন না। মাত্রই যাঁকে সেমিফাইনালে হারিয়ে এসেছেন, সেই পেত্রা কেভিতোভার কাছে গত উইম্বলডনের ফাইনালে হারার স্মৃতিটা এখনো টাটকা। ওখানেও প্রথম ফাইনাল খেলা কেভিতোভার চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী শারাপোভা।সেটাই তিনি মনে করিয়ে দিলেন, ‘ভিক্টোরিয়া গ্র্যান্ড স্লামের এই পর্যায়ে কখনোই না খেললেও সে তো অনেক বড় শিরোপা জিতেছে। আর এই পর্যায়ে আসার জন্য সে অনেক দিন অপেক্ষা করেছে। আর তাই তাঁর কাছ থেকে ভালো টেনিসই আশা করছি।’ এএফপি, রয়টার্স।