আজ লিভারপুলের নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট। অবনমন এলাকায় ঘুরপাক খাচ্ছে দল। লিভারপুলের ক্লাবের প্রাঙ্গণটা তবু রঙিন হয়ে উঠেছিল পরশু। অনেক দিন পর ‘অল রেড’রা সত্যিই লাল হয়ে উঠেছিল আনন্দে। আনন্দ তাদের নতুন যাত্রার। হাতবদল হয়েছে লিভারপুলের। যুক্তরাষ্ট্রের হিকস ও জিলেট এখন আর মালিক নেই লিভারপুলের। ৩০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংলিশ লিগের সফলতম ক্লাবটির মালিক এখন জন ডব্লু হেনরি, বোস্টনের বেসবল ক্লাব রেড সক্স ক্লাবের যিনি মালিক।জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে লিভারপুলের মালিকানা পেয়েছেন হেনরি। এর জন্য হেনরিকে মামলা-মোকদ্দমার ঝক্কিও পোহাতে হয়েছে। হিকস ও জিলেট লিভারপুল বিক্রিকে অবৈধ বলে মামলা করেছিলেন যুক্তরাষ্ট্রের আদালতে। তাতে দমে না গিয়ে লিভারপুল সভাপতি মার্টিন ব্রাউটন হেনরির পক্ষে কাজ করে গেছেন। অবশেষে হিকস ও জিলেট হার মেনে যুক্তরাষ্ট্রের আদালত থেকে মামলা তুলে নিয়েছেন। লিভারপুলেরও মালিকানা বদল হয়েছে। লিভারপুলের সমর্থকেরা এতে খুব খুশি। লিভারপুল সমর্থকেরা হেনরিকে জানিয়েছেন উষ্ণ অভিনন্দন। সমর্থকদের অভিনন্দনের জবাব দিয়ে হেনরি ফুটবলের ভাষাতেই বলেন তাঁর সাফল্যের কথা, ‘প্রত্যেক লিভারপুল সমর্থকই জানে পেনাল্টি শ্যুট-আউটে জেতা ম্যাচ সবচেয়ে স্নায়ুক্ষয়ী। তবে ঠিক ফলটা পেলে অপেক্ষা সার্থক হয়। আমরা ঠিক ফলই পেয়েছি।’এমন লড়াই করে লিভারপুল কিনতে পারায় একটা তৃপ্তি হয়তো আছে হেনরির, তবে আসল তৃপ্তিটা তিনি পেতে চান দলকে ভালো জায়গায় তুলে দিয়ে, ‘আমি গর্বিত। তবে এখনো অনেক কিছু করার আছে।’ তবে বাকি কাজের অন্যতম হলো লিভারপুলকে আবার পথে ফেরানো। এই কাজটা মূলত করতে হবে কোজ রয় হজসনকেই। তবে এর জন্য প্রয়োজন হবে ভালো কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ করা। সেটা আগামী দলবদলের সময়েই করতে পারবেন বলে বিশ্বাস হজসনের। কারণ যে রসদ এর জন্য প্রয়োজন, তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হেনরি।হজসনও আপাতত কিছু দিতে চান নতুন মালিককে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ এভারটনের বিপক্ষে জয় চান ‘অল রেড’ নতুন কোচ। এরপর ধীরে ধীরে উঠে আসতে চান অবনমন এলাকা থেকে। এএফপি।