মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান শেষে লন্ডনের অলিম্পিক স্টেডিয়াম এত দিন বিশ্রামে ছিল। আজ থেকে সেই স্টেডিয়াম আবার সাজবে আলোকমালায়। আজ থেকে এখানেই শুরু হচ্ছে অ্যাথলেটিকস, গেমসের অন্যতম আকর্ষণ।‘সিটিয়াস, অল্টিয়াস, ফরটিয়াস’— অলিম্পিকের মূলমন্ত্র সার্থকভাবে ফুটে ওঠে অ্যাথলেটিকসেই। ‘ফাস্টার, হাযার, স্ট্রঙ্গার’—অ্যাথলেটদের লক্ষ্য থাকে আরও জোরে দৌড়ানো, আর দূরে ছোড়া, আরও উঁচুতে আর দূরে লাফানো। এমনি এমনি তো আর অ্যাথলেটিকসকে অলিম্পিকের প্রাণ বলা হয় না! অলিম্পিক স্টেডিয়ামের ৮০ হাজার দর্শকের সামনে চলবে রেকর্ডের ভাঙা-গড়াও। ১২টি অলিম্পিক ও পাঁচটি বিশ্ব রেকর্ড হয়েছিল বেইজিংয়ে। এবার তার চেয়ে কম হওয়ার কথা নয়।‘অ্যাথলেটিকস রোমাঞ্চ’ বললে সবার আগে যেটির কথা মনে পড়ে, সেই ১০০ মিটার স্প্রিন্টের প্রথম ধাপও শুরু হয়ে যাচ্ছে আজ। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্ব ও প্রথম রাউন্ড হবে আজই। সেমিফাইনাল ও ফাইনাল অবশ্য আগামীকাল। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টটি দেখতে অবশ্য আরেকবার ধৈর্য ধরতে হবে। উসাইন বোল্ট ধরে রাখবেন তাঁর সাম্রাজ্য, নাকি এই গ্রহের দ্রুততম মানব হিসেবে পাওয়া যাবে নতুন কাউকে—এর উত্তর মিলবে আগামী পরশু। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল ও ফাইনালও ওইদিনই। প্রাথমিক পর্ব ও প্রথম রাউন্ড আগামীকাল। আজ প্রথম দিনে শুধু থাকছে ১২টি ইভেন্ট। তবে সোনার মীমাংসা হবে মাত্র দুটি ইভেন্টে—ছেলেদের শটপুট ও মেয়েদের ১০ হাজার মিটার দৌড়।আজ আকর্ষণের কেন্দ্রে থাকবে ১০ হাজার মিটার দৌড়টাই। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা বেইজিংয়ের সোনাজয়ী ইথিওপিয়ার তিরুনেশ দিবাবা ও বিশ্ব চ্যাম্পিয়ন কেনিয়ার ভিভিয়ান চেরুইয়টের। দুজনেরই লক্ষ্য ৫ হাজার ও ১০ হাজারের ডাবল জয়। আরেকটি লক্ষ্যও আছে দিবাবার, জ্ঞাতি বোন দেরারতু তুলুর কীর্তি ছোঁয়া। দুটি অলিম্পিকে (১৯৯২ ও ২০০০) ১০ হাজার মিটারে সোনা জিতেছিলেন তুলু।শটপুটে বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানির ডেভিড স্ট্রলকে শক্ত চ্যালেঞ্জ জানাবেন যুক্তরাষ্ট্রের ত্রয়ী—রিজ হোফা, ক্রিস্টিয়ান কান্টওয়েল ও রায়ান হোয়াইটিং। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ২২ মিটার ছুড়ে হোফা লড়াইয়ে নামছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। অ্যাথলেটিকসে স্বাগতিক ব্রিটেনের সবচেয়ে বড় ভরসা জেসিকা এনিসও আজ নামছেন হেপ্টাথলন সোনার লড়াইয়ে। সাত ডিসিপ্লিনের কঠিন এই লড়াইয়ের চারটি আজ—সকালের সেশনে ১০০ মিটার হার্ডলস ও হাই জাম্প, বিকেলে শটপুট ও ২০০ মিটার।ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই নতুন মাত্রা যোগ করবে পদকের লড়াইয়েও। আরেকটু নির্দিষ্ট করে বললে, অ্যাথলেটিকসের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করবে পদক তালিকার শ্রেষ্ঠত্ব। শীর্ষে থাকা চীনকে টপকাতে যুক্তরাষ্ট্রের মূল ভরসা ট্র্যাক অ্যান্ড ফিল্ডই। বরাবরই এটা যুক্তরাষ্ট্রের শক্তির জায়গা। বেইজিংয়েও ৭ সোনা নিয়ে অ্যাথলেটিকসে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, দেশের মাটিতেও চীন পায়নি একটি সোনাও! তবে নিজেদের দুর্বল জায়গাগুলো চীন যেভাবে ঢেকে দিচ্ছে এবার, কে জানে অ্যাথলেটিকসেও কোনো চমক রেখে দিয়েছে কি না! ওয়েবসাইট।