আজ শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিস
রমনা টেনিস কমপ্লেক্সে আজ শুরু হচ্ছে সনি র্যাংগস আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ। অনূর্ধ্ব-১৮ বছরের বিশ্ব র্যাঙ্কিং ৫ নম্বর গ্রুপের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চীনা তাইপে, ক্রোয়েশিয়া, জার্মানি, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, হল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৯ জন খেলোয়াড়। ফাইনাল ১৯ নভেম্বর।কাল সংবাদ সম্মেলনে ফেডারেশন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ জানালেন, ‘আমাদের স্থানীয় ছেলেমেয়েরা যাতে এসব প্রতিযোগিতায় ভালো করতে পারে, আইটিএফ সেদিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এ জন্য খুব বেশি ভালো মানের বিদেশি এখানে নাম এন্ট্রি করে না।’ কিন্তু বাংলাদেশ কতটা ভালো করতে পারবে? ইশতিয়াকের আশা, ‘কোয়ার্টার ফাইনাল।’ সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার তানভির হোসেন, ছিলেন ফেডারেশন সহসভাপতি ইয়াদ আলী ফকিরসহ অন্যরা।