আজ শুরু কন্ডিশনিং ক্যাম্প
ক্রিকেটারদের প্রাক-মৌসুম কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে আজ। এক মাসের ক্যাম্প পরিচালনা করবেন জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেন। তবে এর মধ্যেই নতুন কোচ এসে গেলে দায়িত্ব নেবেন তিনিই। ৩২ জন ক্রিকেটারকে ডাকা হলেও সবাইকে পাওয়া যাচ্ছে না। উস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলতে কালই ইংল্যান্ড চলে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বাঁহাতি পেসার সৈয়দ রাসেল ক্লাব ক্রিকেট খেলছেন ইংল্যান্ডেই। আর ব্যক্তিগত কারণে তামিম ইকবাল ক্যাম্পে যোগ দেবেন আগামীকাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের রিপোর্ট করার কথা সকাল ৮টায়। আর সন্ধ্যায় সভায় বসছে বোর্ডের পরিচালনা পর্ষদ। আলোচ্যসূচির মধ্যে আছে ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা, ফ্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট, নিমবাস চুক্তি নিয়ে পরবর্তী পদক্ষেপ আর আইপিএলের আদলে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। বিপিএলের সম্ভাব্য সময় ধরা হয়েছে আগামী জানুয়ারি, ভারতের বেশ কয়েকটি স্পনসরের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও নাকি হয়েছে। সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘নতুন কোচ’ অবশ্য আলোচ্যসূচিতে নেই। তবে অবধারিতভাবে কোচ প্রসঙ্গ সভায় উঠবে। দক্ষিণ আফ্রিকার ভিনসেন্ট বার্নসকে দেওয়া প্রস্তাব ও অগ্রগতি সম্পর্কে কমিটিকে জানাবেন বোর্ড সভাপতি। তবে আজই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।