আজ শুরু করছে পাকিস্তান
একটা টাইম মেশিন নিয়েই যেন সংবাদ সম্মেলনে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি আর কেনিয়ার সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ টিকোলো। সেটিতে চড়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা থেকে তাঁরা চলে গিয়েছিলেন অতীতে। আফ্রিদি গেলেন চার বছর আগের ২০০৭ বিশ্বকাপে। টিকোলো আট বছর আগের ২০০৩ বিশ্বকাপে। আজ পাকিস্তান-কেনিয়া ম্যাচের আগে দুই দলেই চলল স্মৃতি রোমন্থন আর ইতিহাস চর্বণ।২০০৭ বিশ্বকাপটা পাকিস্তানের জন্য ছিল হতাশার অন্য নাম। আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, চিরতরে হারাতে হয়েছিল কোচ বব উলমারকে। আজ আরেকটা বিশ্বকাপ অভিযান শুরুর আগে ২০০৭-এর দিকেই ফিরে তাকাচ্ছে আফ্রিদির দল। কারণ একটাই, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে চায় এই পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে উড়ে গিয়েছিল কেনিয়া, তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সামনে দাঁড়ানোর আগে ২০০৩ বিশ্বকাপ থেকে কুড়িয়ে নিতে চায় প্রেরণার নুড়ি। সেবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফ্রিকান দেশটি।কেনিয়ার সঙ্গে ম্যাচ। এ আর এমন কী, পাকিস্তান তো জিতবেই!—কেনিয়া নিউজিল্যান্ডের কাছে উড়ে যাওয়ার পর এই ধারণাটা অনেকের মধ্যে আরও বেশি করে বাসা বেঁধেছে। কিন্তু আফ্রিদি ২০০৭ স্মরণ করে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন, ‘অতীতে বিশ্বকাপে অনেক অঘটন ঘটেছে। চার বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের যেমন হলো। আমাদের এটা মনে রাখতে হবে এবং প্রতিপক্ষ কেনিয়া কি শ্রীলঙ্কা যে দলই হোক, আমাদের সর্বোচ্চ ভালো খেলাটাই খেলতে হবে।’পাকিস্তানে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত, বিশ্বকাপ জিতে আবার ঘরের মাঠে ক্রিকেট ফিরিয়ে নেওয়ার রাস্তাটা পরিষ্কার করতে চান আফ্রিদিরা। আজ সেই পথে জয় দিয়েই যাত্রা শুরুর অপেক্ষায় আফ্রিদি এবং তাঁর দল।নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে কেনিয়াও। নিউজিল্যান্ড ম্যাচের পর সতীর্থদের জাগিয়ে তুলতে টিকোলো ফিরে গেছেন ২০০৩ বিশ্বকাপের সুখস্মৃতিতে, ‘একজন পেশাদার হিসেবে আমি নিজেকে চাঙা করে তুলতে পারি। আমাদের উচিত নিজেদের পরবর্তী লড়াইয়ের জন্য তৈরি হওয়া। ২০০৩ বিশ্বকাপে আমরা ভালো করেছি। এবারও আমরা এগিয়ে যেতে চাই।’অধিনায়ক জিমি কামান্ডের কথায়ও ঘুরে দাঁড়ানোর সুর, ‘প্রথম ম্যাচে আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। তবে এ ম্যাচে আমরা উন্নতি করব।’ এই এগিয়ে যাওয়া আর উন্নতির জন্য নিজেদের তৈরি করতে গিয়ে চোয়ালে আঘাত পেয়েছেন কামান্ডে। নেটে ব্যাট করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। কে জানে, শোয়েব আখতার-উমর গুলদের বল কীভাবে সামলাবেন কেনিয়ার অধিনায়ক? তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।