আজ শুরু গার্দিওলার আসল যাত্রা

জুনের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে বায়ার্নের কোচের দায়িত্বটা গ্রহণ করেছিলেন পেপ গার্দিওলা। এরপর থেকে তাঁর তত্ত্বাবধানে বেশ কয়েকটি ম্যাচ খেলেও ফেলেছে বাভারিয়ানরা। তবে গার্দিওলার আসল যাত্রাটা শুরু হচ্ছে আজ থেকে। বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি দিয়েই বুন্দেসলিগার প্রথম মৌসুমটা শুরু করবেন এই স্প্যানিশ কোচ।
গত মৌসুমে ট্রেবল জয়ের সাফল্য ধরে রাখার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই নেওয়া হয়েছে বায়ার্ন মিউনিখের। বার্সেলোনাকে মাত্র চার বছরে ১৪টি শিরোপা জেতানো গার্দিওলার হাতে দেওয়া হয়েছে কোচের দায়িত্ব। ফিলিপ লাম, আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, টমাস মুলারদের নিয়ে গড়া বায়ার্ন দলটা আগে থেকেই ছিল দুর্দান্ত। তার ওপর এবারের মৌসুম ৬০ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভেড়ানো হয়েছে মারিও গোটশে, থিয়াগো আলকাতারাকে। বায়ার্ন যে সর্বজয়ী হওয়ার মিশনে কোনো চেষ্টাই বাদ দিচ্ছে না, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে।
ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামার তো বায়ার্নকে দেখতে চান অনন্য উচ্চতায়, ‘আমরা এমন সাফল্য অর্জন করতে চাই, যেটা ইউরোপে এর আগে কেউ কখনো করতে পারেনি। আমরা আবারও ট্রেবল জিততে চাই। আর এর বাইরে ইউরোপিয়ান সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ শিরোপার দিকেও আমাদের দৃষ্টি আছে।’ প্রত্যাশাটা নিঃসন্দেহেই আকাশচুম্বী। গার্দিওলা এই প্রত্যাশার কতটা পূরণ করতে পারবেন, সেটাই দেখার বিষয়।
বরাবরের মতো এবারও বায়ার্ন মিউনিখের প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে বরুসিয়া ডর্টমুন্ডকে। ২০১১ ও ২০১২ সালে টানা দুটি বুন্দেসলিগা শিরোপা জিতেছিল ডর্টমুন্ড। গত মৌসুমে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্যন্ত। এবারের মৌসুমের শুরুতেই বায়ার্নকে ৪-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপাও জিতেছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ফলে ডর্টমুন্ডকে নিয়ে যে গার্দিওলাকে বিশেষভাবেই সতর্ক থাকতে হবে, সেটা অনুমান করাই যায়। এ ছাড়া বুন্দেসলিগার শিরোপা জয়ের লড়াইয়ে বায়ার্ন মিউনিখের হুমকি হয়ে দেখা দিতে পারে বায়ার লেভারকুসেন ও শালকে ০৪।
আজ জার্মান লিগে বায়ার্নের ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। সরাসরি সম্প্রচার করবে নিও প্রাইম। একই সময় ফরাসি লিগে পিএসজির মুখোমুখি হবে মঁপেলিয়ে। ম্যাচটি দেখাবে টেন অ্যাকশন।