আজ শুরু জাতীয় ভলিবল
পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ওয়ালটন জাতীয় ভলিবলের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে অংশ নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, তিতাস ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা, নড়াইল, চট্টগ্রাম ও খুলনা জেলা। মহিলা বিভাগে খেলবে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি, বিজেএমসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, রাজবাড়ী, পাবনা, চট্টগ্রাম, খুলনা ও কিশোরগঞ্জ। পৃষ্ঠপোষক ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাণপ্রতিষ্ঠান ওয়ালটন। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দ্বিতীয় হওয়া দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল ১৩ মে। ভলিবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে ফেডারেশন তিন বছরের উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। এতে সহযোগিতা করছে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি)। সংস্থাটি প্রতিবছর বাংলাদেশকে দিচ্ছে ৬০০টি ভলিবল; কিছু আর্থিক অনুদানও। জাতীয় ভলিবল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার প্রমুখ।