আজ শুরু জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৫তম আসর। একক পদ্ধতির লিগে প্রথম দিনই মাঠে নামছে অংশগ্রহণকারী আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে বরিশাল বিভাগের। রাজশাহীতে ঢাকা বিভাগ-রংপুর, বগুড়ায় ঢাকা মহানগর-চট্টগ্রাম এবং ফতুল্লায় রাজশাহী-সিলেট ম্যাচ।
২০১২-এর ডিসেম্বরের পর আবার মাঠে গড়ানো প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট শুরু হচ্ছে কিছুটা অগোছালোভাবেই। ভজকট লেগেছিল খেলোয়াড় তালিকা নিয়ে। কিছু খেলোয়াড়ের নাম ছিল দুটি দলের তালিকায়। বিসিবি থেকে পাঠানো খেলোয়াড় তালিকায় দেখা যায়, জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজা ও নুরুল হাসানের নাম আছে দুই দলে। অবশ্য পরে সংশোধনী দিয়েছে বিসিবি। মাশরাফি খেলছেন খুলনাতে, নুরুল ঢাকা বিভাগে।