আজ শুরু জাতীয় লিগের তৃতীয় রাউন্ড
ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসেছে, সেও দিন পাঁচেক হয়ে গেল। বাংলাদেশের ক্রিকেটের সব আলো এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওপরই। জাতীয় লিগে জাতীয় দলের খেলোয়াড়েরাও নেই। আজ শুরু জাতীয় লিগের চতুর্দশ আসরের তৃতীয় রাউন্ডটা তাই রং হারিয়েছে। তার ওপর আজ থেকে খেলার কথা থাকলেও ফেরা হচ্ছে না মাশরাফি মুর্তজার। এখন ১৬ নভেম্বর শুরু হতে যাওয়া চতুর্থ রাউন্ডেই হয়তো খুলনার হয়ে মাঠে দেখা যাবে জাতীয় দলের এই পেসারকে।আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দল খুলনা বিভাগ খেলবে চট্টগ্রাম বিভাগের সঙ্গে। রংপুর ক্রিকেট গার্ডেনে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীকে আতিথেয়তা দেবে রংপুর। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলবে ঢাকা বিভাগের সঙ্গে। আর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনেক দিন পর ক্রিকেট ফিরছে বরিশাল-ঢাকা মহানগরের ম্যাচ দিয়ে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী এই ভেন্যুতে আজই প্রথম প্রথম শ্রেণীর ম্যাচ শুরু হচ্ছে।