আজ শুরু জাতীয় সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সাঁতার কমপ্লেক্সের ইলেকট্রনিক স্কোর বোর্ড সচল করা নিয়ে গত এসএ গেমসের আগে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত সেটি সক্রিয় হয়েছিল। মাঝে বেশ কিছুদিন অচল থাকার পর গত জুনের বয়সভিত্তিক সাঁতারে আবারও চালু করা হয়। তবে সেবার ইভেন্ট চলার মধ্যেই বেশ কয়েকবার সমস্যা দেখা দিলে হ্যান্ড টাইমিংয়েই ধরা হয় সময়। মিরপুরে আজ শুরু হচ্ছে প্রাইম ব্যাংক ২৫তম জাতীয় সাঁতার, কিন্তু স্কোর বোর্ড সচল হবে কি না, সংশয় থাকছেই। ইলেকট্রনিক স্কোর বোর্ড সচল করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) রুটিনমাফিক একটা আবেদনপত্র দিয়েই দায় সারে ফেডারেশন। এবারও দেওয়া হয়েছে। কিন্তু এটি আদৌ চলবে কি না, কত দূর অগ্রগতি, সেটি জানার প্রয়োজন বোধ করেনি ফেডারেশন কর্মকর্তারা। কাল বিকেলে এনএসসি থেকে প্রকৌশলী গিয়ে বোর্ডের কারিগরি ত্রুটি দেখে এসেছেন। কিন্তু ফেডারেশন ফলটা জানাতে পারল না। এটি নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। যদিও জাতীয় সাঁতারে ইলেকট্রনিক স্কোর বোর্ড ব্যবহার করার ব্যাপারে সংবাদ সম্মেলনে আশাবাদই ব্যক্ত করলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন), ‘বোর্ড সচল করার চেষ্টা চলছে। আশা করি, সাঁতার শুরুর আগে চালু হয়ে যাবে।’৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ২৫টি জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ ডাক বিভাগ ও সার্ভিসেস দল মিলিয়ে মোট ৪০টি দল অংশ নিচ্ছে এবারের জাতীয় সাঁতারে। সাঁতারে ৩৮টি, ডাইভিংয়ে ৩টি এবং ওয়াটারপোলোয় ১টিসহ মোট ৪১টি সোনার জন্য লড়বে ৪৩০ জন সাঁতারু। মিরপুর সাঁতার কমপ্লেক্সে ডাইভিং স্প্রিংবোর্ড না থাকায় এই ইভেন্টটি হবে সেনাবাহিনীর সাঁতারপুলে। এবার সোনাজয়ীদের জন্য আলাদা কোনো আর্থিক পুরস্কারের ব্যবস্থা নেই। তিন দিনব্যাপী প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক। তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আহমেদ কামাল খানও বক্তব্য দেন সংবাদ সম্মেলনে।