আজ শুরু জুনিয়র ব্যাডমিন্টন
গত এপ্রিলে নির্বাচনে জিতলেও ব্যাডমিন্টনের নতুন কমিটি এর আগ পর্যন্ত কোনো টুর্নামেন্টই আয়োজন করতে পারেনি। আদালতের নির্দেশে কমিটির কার্যক্রম একবার স্থগিত হয়, পরে আদালত থেকে সেই স্থগিতাদেশের ওপর আবার স্থগিতাদেশ আনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এসব জটিলতা কাটিয়েই নতুন কমিটি জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়র প্রতিযোগিতা দিয়ে শুরু করতে যাচ্ছে কার্যক্রম। আজ থেকে পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু হচ্ছে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। দেশের পাঁচটি বিভাগ, ৩৭টি জেলা, চারটি শিক্ষা বোর্ড ও দুটি সংস্থার ২০৮ জন বালক-বালিকা অংশ নিচ্ছে জাতীয় জুনিয়র ও সাব-জুনিয়রে। সর্বশেষ ২০০৯ সালে পাবনায় হয়েছিল জাতীয় জুনিয়র প্রতিযোগিতা। গত দুই বছরে প্রতিভা অন্বেষণ কর্মসূচির কারণে এটি আয়োজন করা যায়নি বলে দাবি ফেডারেশন কর্মকর্তাদের। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ইস্পাহানি লিমিটেড। কাল এনএসসির পুরোনো সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান। উপস্থিত ছিলেন সভাপতি রুবাবা দৌলা, পৃষ্ঠপোষক ইস্পাহানি লিমিটেডের কর্মকর্তা ইসমাইল হোসেনসহ অন্যরা।