আজ শুরু জেএফএ কাপের চূড়ান্ত পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব হওয়ার কথা ছিল কুষ্টিয়ায়। কিন্তু বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় শেষ মুহূর্তে ভেন্যু করা হয়েছে ঢাকাকে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় আয়োজিত জেএফএ কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তিন বছর পর এবার থেকে আবার শুরু এই টুর্নামেন্টটিকে নিয়মিত মাঠে রাখার আশাবাদ কর্মকর্তাদের। এবারের টুর্নামেন্টে দুই গ্রুপে খেলছে আঞ্চলিক চ্যাম্পিয়ন আটটি দল। দলগুলোর আবাসনের ব্যবস্থা করা হয়েছে ভিক্টোরিয়া ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামে। তবে তাদের অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হয়নি। আবাহনী মাঠের ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে, ব্রাদার্সের মাঠও পাওয়া যেতে পারে বলে আশ্বাস দিয়েছেন আয়োজকেরা। খেলা হবে ৮০ মিনিটের। সিঙ্গেল লিগ পদ্ধতিতে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল ২৭ সেপ্টেম্বর। বাফুফে ভবনে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। উপস্থিত ছিলেন সদস্য সত্যজিৎ দাস রুপু, টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু প্রমুখ।