আজ শুরু ঢাকা পর্ব
সিলেট পর্ব শেষ। আজ শুরু বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ঢাকা পর্ব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা একটায় শুরু হবে আবাহনী-মোহামেডান ম্যাচ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ইউসিবি-বিসিবি একাদশের পরের ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়।
সিলেটে চারটি করে ম্যাচ খেলে এসেছে সব দলই। চার ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুটি করে ম্যাচ জিতে মোহামেডান ও ইউসিবি-বিসিবি একাদশের পয়েন্ট ৪ করে। চার ম্যাচের মাত্র একটিতে জিতে তলানিতে থাকা আবাহনীর পয়েন্ট ২। ফাইনালসহ ঢাকা পর্বের পাঁচটি ম্যাচই সরাসরি দেখাবে বিটিভি।
ঢাকার ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর থেকে। বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের উত্তর গেটের মিডিয়া টিকিট সেন্টার থেকে টিকিট বিক্রি হবে আজও। টিকিটের দাম গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৭০ টাকা এবং পশ্চিম গ্যালারি ৫০ টাকা।