আজ শুরু ঢাকা স্পোর্টস কার্নিভাল
‘খেলার চেয়ে বন্ধুতা বড়’—ঢাকা ক্লাবে আজ থেকে শুরু প্রাইম ব্যাংক-ঢাকা স্পোর্টস কার্নিভালের মূল কথা এটাই। তিন- চারটে ক্লাব নিয়ে শুরু হওয়া এই ক্রীড়া-উৎসব এবার হচ্ছে ষষ্ঠবারের মতো। ধীরে ধীরে এর পরিধি যেমন বেড়েছে। বাংলাদেশের অভিজাত ক্লাবগুলোর সঙ্গে যোগ দিয়েছে প্রতিবেশী ভারতের কয়েকটি ক্লাবও। প্রথমবারের মতো এবার অংশ নিচ্ছে থাইল্যান্ডের সাদানার্স ক্লাব।সিক্স-এ-সাইড ক্রিকেট, ব্রিজ, স্নুকার, টেনিস, স্কোয়াশ, গলফ, সাঁতার ও ব্যাডমিন্টন—এই আটটি খেলায় অংশ নেবেন ৪৭১ জন প্রতিযোগী। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক। ফাইনাল ২৮ নভেম্বর। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান আয়োজক কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (শেলী)। উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি সাদাত হোসেন (সেলিম), রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের সুদীপ সেন, ক্যালকাটা ক্লাবের কুনাল রায় চৌধুরী, প্রাইম ব্যাংকের কর্মকর্তা মাহমুদ হোসেন প্রমুখ।