আজ শুরু দলবদলের আনুষ্ঠানিকতা
দলগুলো ঘর গুছিয়ে ফেলেছিল আগেই। ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপকে সামনে রেখে প্রস্তুতিতেও নেমে পড়েছে প্রায় সব দল। এমন অবস্থায় আজ শুরু হয়ে দলবদলের আনুষ্ঠানিকতা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আবাহনী-মোহামেডান ভেঙে এবার কাগজ-কলমে সেরা দল গড়েছে নবাগত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুক্তিযোদ্ধাও ভালো দল গড়েছে। এরপর যে কজন ‘পছন্দনীয়’ খেলোয়াড় ছিলেন, তাঁদের নিয়েছে আবাহনী। আরেক বড় দল মোহামেডান এবার পুরোপুরিই তারকাশূন্য।একসময় খেলোয়াড়েরা টোকেন তুলে ক্লাব কর্মকর্তাদের হাতে জমা না দেওয়া পর্যন্ত বলা যেত না, তাঁরা কোন দলের। কিন্তু কয়েক বছর ধরে সেই উত্তাপ আর নেই। দলবদলের দুই-তিন মাস মাস আগেই পর্দার আড়ালে তারকা খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করে ফেলছে কোনো কোনো ক্লাব। এর ফলে উত্তেজনা আর থাকছে না। পেশাদার লিগ চালুর পর গত তিন মৌসুম মাসব্যাপী দলবদল হওয়ায় তাড়াহুড়োর কোনো ব্যাপার ছিল না দলগুলোর কাছে। এবার প্রথমে দলবদলের সময় দেওয়া হয় ২০ দিন (১-২০ সেপ্টেম্বর)। কিন্তু ৭ ক্লাবের দাবি মেনে বাফুফে দলবদল পিছিয়ে দেয় এক মাস, সঙ্গে সময়সীমা কমিয়ে দেয়।বড় দলগুলো কবে বাফুফে অফিসে এসে দলবদলের আনুষ্ঠানিকতা সারবে, নিশ্চিত করে তা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, শেখ জামাল শনি অথবা রোববার খেলোয়াড় নিবন্ধন করতে পারে। ওই দিনই আমিনুল, এমিলি, এনামুল, ওয়ালি, মামুনুল, নাসিরদের কাগজে-কলমে আপন করে নেবে দলটি। তবে এই খেলোয়াড়দের নিয়ে কয়েক দিন আগেই ক্যাম্প শুরু করে দিয়েছে শেখ জামাল। আবাহনী আজই আনুষ্ঠানিকতা সেরে নিতে পারে। ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। কালই (আজ) করব, সেই নিশ্চয়তা দিতে পারছি না। তবে সম্ভাবনা আছে।’ মুক্তিযোদ্ধা দলবদলের আনুষ্ঠানিকতা সেরে নিতে পারে দু-এক দিন পর।