আজ শুরু পাঁচ দিনের ফাইনাল
জাতীয় ক্রিকেট লিগের ফরম্যাট এবার বদলানো হয়েছে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে। এবারই প্রথম ফাইনাল দেখছে জাতীয় লিগ। সেটি আবার পাঁচ দিনের। আজ থেকে এই ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।এবারের লিগে সবার আগেই ফাইনাল নিশ্চিত করে রাজশাহী (৮ ম্যাচে ৮৯ পয়েন্ট)। গত ৩ মার্চ খুলনাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে উঠেছে চট্টগ্রাম। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮৪। টানা ৩ ম্যাচ জিতে ফাইনালে ওঠায় চট্টগ্রামের অধিনায়ক নাফিস ইকবাল বেশ আত্মবিশ্বাসী, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। পাঁচ দিন বলে আলাদা কোনো পরিকল্পনা নেই আমাদের। খেলোয়াড়দের সবার মধ্যে একটা টিম স্পিরিট কাজ করছে। আশা করি সবাই ভালো খেলবে।’ চট্টগ্রামের পেসার তারেক আজিজ অসুস্থ। পাইলসের সমস্যায় তিনি খেলতে পারবেন না। তবে খেলতে পারবেন আফতাব। নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক নাফিস ইকবালকেও এই ম্যাচে পাবে না চট্টগ্রাম। সম্ভবত নাজিমউদ্দিনকেই নিতে হবে অধিনায়কের দায়িত্ব। বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ একেবারেই নির্মোহ ভঙ্গিতে জানান দিলেন তাঁর দলের আত্মবিশ্বাস, ‘আমরা এই ম্যাচটিকে অন্য আট-দশটা ম্যাচের মতোই নিচ্ছি। যেহেতু আমরা লিগে ধারাবাহিকভাবে ভালো খেলেছি। তাই আশা করি এবারও চ্যাম্পিয়ন হতে পারব। সেই লক্ষ্যেই মাঠে নামব আমরা। আমাদের দলে কোনো ইনজুরি নেই।’