আজ শুরু প্রিমিয়ার হকি লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

্রায় ২৭ মাস পর আবারও মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকির সবচেয়ে বড় আর কাঙ্ক্ষিত আয়োজন প্রিমিয়ার ডিভিশন লিগ। আজ উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আবাহনী ও রেলওয়ে। সর্বশেষ ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি প্রিমিয়ার হকি লিগের সর্বশেষ ম্যাচের সাক্ষী হয়েছিল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। ওই দিন ঘরোয়া হকি রাজনীতিতে ‘বন্ধুতার’ উষ্ণতা গায়ে মেখে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী ও ঊষা। বাইলজকে পাশ কাটিয়েই সেবার এ ঘটনা ঘটিয়েছিল ফেডারেশন।
তবে এবার আর সেই সুযোগ থাকছে না। কাল প্রিমিয়ার হকি লিগ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বললেন, ‘এবার দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে প্লে-অফ ম্যাচ হবে। ওই ম্যাচও যদি ড্র হয় তবে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে ফলের নিষ্পত্তি হবে।’
মোহামেডান, মেরিনার্সসহ বিদ্রোহী পাঁচ দল অংশ না নেওয়ায় গত বছর লিগ ছিল একেবারেই বিবর্ণ। তবে এবার ১২টি দলই খেলছে। পাঁচ বিদেশি খেলোয়াড় খেলতে পারবে একেকটি দলে। বিদেশি আম্পায়ারও থাকবেন ম্যাচে। তবে ক্লাব কাপ পরিচালনাকারী ওমানি আম্পায়ারদের সঙ্গে দেশি আম্পায়াররাও থাকবেন। শুধু সুপার সিক্সে দেখা যাবে হংকংয়ের আম্পায়ার।
প্রথম পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৬টি দল খেলবে সুপার সিক্স। প্রথম পর্বের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটির হবে অবনমন।
ক্লাব কাপে খেলা অনেক বিদেশি খেলোয়াড়কে লিগে না-ও দেখা যেতে পারে। ঊষার চার মালয়েশিয়ান এরই মধ্যে ক্লাব ছেড়েছেন, তাঁদের বদলে আসছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, আলি সান, আসিফ বেলাল, আশফাক নেওয়াজ, সৈয়দ কাসিফ শাহ। মেরিনার্সও আনছে তিন পাকিস্তানি খেলোয়াড় মোহাম্মদ তওফিক, ইরফান জুনিয়র, মোহাম্মদ ওয়াক্কাসকে। বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ারী আনছে ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়।
লিগ এবার জমজমাটই হবে, আশা কর্মকর্তাদের। বরাবরের মতোই লিগের পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। কাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজিম তাজিক চৌধুরীসহ অন্যরা।