আজ শুরু ফেডারেশন কাপ
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পৌনে চারটায় আবাহনী-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে ২৮তম ফেডারেশন কাপ। এটি দেখাই আপাতত ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারীর কাজ। ফুটবল মাঠে নামার অপেক্ষার পালা শেষ ক্লাব, কর্মকর্তা, দর্শক—সবারই।
ডি ক্রুইফের চোখ খুঁজবে স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স। তবে আর সবার আগ্রহটা যথারীতি বিদেশিদের ওপরই বেশি থাকবে। ইতিবাচক দিক, ক্লাবগুলো তুলনামূলক ভালো বিদেশি খেলোয়াড়ের দিকে ঝুঁকেছে।
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলের কোচ মারুফুল হক কাল বুয়েট মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ‘সব ক্লাবই ভালো মানের বিদেশি খেলোয়াড় আনতে চেয়েছে। এই মৌসুমে আকর্ষণটা তাই বাড়বে মনে হয়।’
বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্সই ঠিক করে দেবে বড় দলগুলোর পথচলা। হাইতির সনি নর্দে তো আছেনই, তাঁর জাতীয় দল সতীর্থ আরেকজনকে আনছে শেখ রাসেল। এই প্রথম বাংলাদেশে এসেছে জ্যামাইকান ফুটবলার, উরুগুয়ের এক ফুটবলারও মিশেছেন এই মোহনায় (শেখ রাসেল)। আবাহনীতে দুজন ব্রাজিলিয়ান। বিভিন্ন দলে আছেন তিনজন মিসরীয় খেলোয়াড়।
দল হিসেবে এবার সবচেয়ে বেশি আলো পড়ছে শেখ জামালের ওপর। কাগজে-কলমে তারাই এগিয়ে। শেখ রাসেল, আবাহনী, মোহামেডান মোটামুটি একই মানের। শিরোপার জন্য আসলে এই চারটি দলই এক কাতারে। শিরোপা লড়াইটা তাই ভালো জমবে বলেই ধারণা।
মাঠের বাইরে থেকে বাফুফে চেষ্টা করছে বাড়তি কিছু অর্থকড়ির ব্যবস্থা করতে। মাত্র ২০ লাখ টাকায় ফেডারেশন কাপের টাইটেল স্পনসর হয়েছে ওয়ালটন। এর সঙ্গে তিন কো-স্পনসর প্রগতি ইনস্যুরেন্স, আম্বার গ্রুপ, ডিবিএল গ্রুপ যোগ হয়েছে কাল। এই প্রতিষ্ঠানগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো এদিন বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে।