আজ শুরু বর্ণহীন স্বাধীনতা দিবস হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি সার্ভিসেস দল সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও অখ্যাত ক্লাব প্লেয়ার্স ফ্যাশনকে নিয়ে আজ শুরু হচ্ছে স্বাধীনতা দিবস হকি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে সেনাবাহিনীর মুখোমুখি হবে পুলিশ। মূলত স্বাধীনতার মাস মার্চেই হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। কিন্তু জাতীয় মহিলা হকি ও স্কুল হকির কারণে মাঠ ফাঁকা ছিল না। সঙ্গে স্পনসর পেতেও দেরি হচ্ছিল ফেডারেশন কর্মকর্তাদের। শেষ পর্যন্ত ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন এগিয়ে এলে এপ্রিলে স্বাধীনতা দিবস হকি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। স্পনসর জোগাড় করার মূল দায়িত্ব ফেডারেশন কর্মকর্তাদের ওপরই বর্তায়। কিন্তু এতেও উদাসীনতা! এবার কেন স্বাধীনতা কাপে খেলছে না আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাব? উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, ‘বড় ক্লাবগুলোকে আমন্ত্রণ জানালেও স্বাধীনতা দিবস হকিতে সাড়া দেয়নি কেউই।’ সঙ্গে একটা ভুল তথ্যও দিলেন, সাধারণত স্বাধীনতা কাপে এসব দল কমই খেলে। কিন্তু বাস্তবতা হচ্ছে আবাহনী ছয়বার ফাইনাল খেলে চারবারই হয়েছে চ্যাম্পিয়ন। গত বছরও খেলেছে মোহামেডান, ঊষার মতো বড় দুটি ক্লাব। কিন্তু এবার এই ক্লাবগুলো থাকছে না বলে একেবারেই বর্ণহীন হয়ে পড়ল স্বাধীনতা কাপ হকি।পাঁচ দলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল খেলবে ফাইনালে। ফাইনাল ৯ এপ্রিল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে ওয়ালটন দেবে একটি রেফ্রিজারেটর। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১৫ হাজার টাকা, রানার্সআপের ১০ হাজার। কাল সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন খাজা রহমতউল্লাহ।