বিওএ মিলনায়তনের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বারবার বলছিলেন, ‘টুর্নামেন্টটা আমাদের জন্য অ্যাসিড টেস্ট।’ শুধু খেলার মাঠে নয় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক হিসেবেও কথাটা সত্যি। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে এত বড় মাপের আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট কখনো হয়নি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে আজ শুরু হচ্ছে সেন্ট্রাল এশিয়ান জোনের পুরুষ ভলিবলের অলিম্পিক বাছাইপর্ব।
শুরুতে ৮টি দেশ নিয়ে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তাজিকিস্তান আসবে না বলে কাল আয়োজকদের নিশ্চিত করেছে। তবে কী কারণে মধ্য এশিয়ার দেশটি সরে দাঁড়াল সে সম্পর্কে বিস্তারিত বলতে পারলেন না ফেডারেশনের কর্মকর্তারা। খেলা হবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, মালদ্বীপ ও কিরগিজস্তান। ‘বি’ গ্রুপে খেলবে আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালে। আজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ২৮ মে ফাইনাল।
খেলা শুরুর আগের দিনের সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি বা সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য খুঁজে পাওয়া যায়নি দলের কোচ বা অধিনায়ক কাউকেই। সেখানে নিজেদের ‘ঢোল পেটাতেই’ ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। যদিও এর আগে অধিনায়ক সাঈদ আল জাবির বলেছেন, চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে ওঠাই বাংলাদেশের মূল লক্ষ্য।
কোটি টাকার টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডাচ্-বাংলা ব্যাংক। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১ হাজার ডলার (প্রায় ৭৮ হাজার টাকা) অর্থ পুরস্কার। রানার্সআপ ও সেরা খেলোয়াড় পাবেন ৫০০ ডলার (প্রায় ৩৯ হাজার টাকা) করে। আর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হলে প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।