আজ শুরু মাঠের লড়াই
ব্রায়ান অ্যাডামস যতই গ্যালারিতে উল্লাস তুলুন, সাবিনা ইয়াসমীন-রুনা লায়লারা মাতিয়ে দিন, দুুই ঘণ্টার বর্ণিলতা দিয়ে বিশ্বকে চমকে দিক উদ্বোধনী অনুষ্ঠান—পরশুর যাবতীয় আয়োজন নিছকই আনুষ্ঠানিকতা। সত্যিকারের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ!বেলা ২টায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে দুই অধিনায়কের উপস্থিতিতে যখন বিশেষভাবে বানানো মুদ্রাটি নিক্ষিপ্ত হবে শূন্যে; বিশ্বকাপ আসলে শুরু তখনই। রঙ্গমঞ্চই যদি বলেন, আসল নটরাজ তো ক্রিকেটাররাই। ক্রিকেটারদের সাফল্যে হাসবে সমর্থকেরা, হতাশাও ছুঁয়ে যাবে সমর্থকদের আবেগের জায়গাগুলো।মানুষের উচ্ছ্বাস-উন্মাদনার অবশ্য কমতি নেই। পরশু যে ভিড়টা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরে, কাল সেটি আরও কয়েক গুণ বেড়ে, বিরাট হয়ে জমে গেল শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে। ভুভুজেলার বঙ্গীয় সংস্করণ বেজে গেল বিরামহীন। ক্লান্তিহীন জয়ধ্বনি উঠল ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’। দুমদাম বাজল ঢাকঢোল।সূর্যদেবতা রাত্রির বিশ্রাম শেষে আজ আবার আলো ছড়াবেন। কিন্তু রাত জাগার ক্লান্তি আবেগে-উত্তেজনায় মুছে ফেলে আজ আসল লড়াইয়ের সাক্ষী হবে ক্রিকেট-পাগল মানুষ। আসল বিশ্বকাপ যে শুরু আজ!