আজ শুরু মূল পর্বের লড়াই
ব্রেট লি অন্য প্রান্তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন রায়ান টেন ডেসকাটকে। ডাগ-আউটে তুমুল উল্লাস। কে বলবে, ম্যাচের তখনো ৩ বল বাকি, জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে আরও ১৪ রান! উচ্ছ্বাসের কারণ, আসল জয়টা ততক্ষণে পেয়ে গেছে কলকাতা, পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির মূল পর্বের টিকিট। আর মূল পর্বে যাওয়া মানেই কমপক্ষে বাড়তি ২ লাখ ডলার!সমারসেট জিতল ১১ রানে। কিন্তু ম্যাচ শেষে সমান উচ্ছ্বাস দুই দলেই। শ্রীলঙ্কার রুহুনা রাইনোজকে রানরেটে পেছনে ফেলে সেরা তৃতীয় হয়ে মূল পর্বে উঠেছে কেকেআর। এতে সামান্য অবদান আছে সাকিব আল হাসানেরও। বল হাতে ৩ ওভারে দিয়েছিলেন মাত্র ২০ রান। পরে গুরুত্বপূর্ণ সময়ে ৯ বলে একটি করে চার-ছয়ে করেছেন ১৩। ইনিংসটা আরেকটু বড় হতে পারেনি রোয়েলফ ফন ডার উইয়ের অতিমানবীয় ফিল্ডিংয়ে। সাকিবের দারুণ এক শটকে ডিপ স্কয়ার লেগে অবিশ্বাস্যভাবে তালুবন্দী করেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। গ্রুপ ‘বি’তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে মূল পর্ব। কাল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে বেঙ্গালুরুতে। এই গ্রুপেই পড়েছে কলকাতা, গ্রুপের অন্য দুই দল সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকস ও সমারসেট। কলকাতার প্রথম ম্যাচ সমারসেটের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের চার ম্যাচেই সাকিবকে পাবে কলকাতা। তবে সেমিফাইনালে উঠলে খেলতে হবে সাকিবকে ছাড়াই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন সাকিব। চোট কাটিয়ে মূল পর্বে ফেরার সম্ভাবনা আছে কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীরের।‘এ’ গ্রুপে টুর্নামেন্টের চার ফেবারিট চেন্নাই সুপার কিংস, নিউ সাউথ ওয়েলস, মুম্বাই ইন্ডিয়ানস ও কেপ কোবরার সঙ্গে আছে ‘কালো ঘোড়া’ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। টুর্নামেন্ট শুরুর আগের দিন সবচেয়ে আলোচিত দল ছিল অবশ্য মুম্বাই। চোট-জর্জরিত দলটিকে পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ দিয়েছে টুর্নামেন্ট কমিটি, অন্য দলগুলোর জন্য যা চারজন। শচীন টেন্ডুলকার, মুনাফ প্যাটেল, রোহিত শর্মাসহ ছয়জন ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। কিন্তু এক দলকে বাড়তি সুবিধা দেওয়া নিয়ে জোরেশোরে না হলেও প্রশ্ন ঠিকই উঠছে।আয়োজকদের একটি উদ্দেশ্য অবশ্য সফল হয়েছে। ধারণা করা হয়, এবার বাছাইপর্ব রাখা হয়েছিল স্রেফ ভারতের চারটি দল খেলানোর জন্যই। সেই উদ্দেশ্য পূরণ করেছে কলকাতা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৫ লাখ ডলার, রানার্সআপ ১৩ লাখ ডলার, হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্ট ৫ লাখ ডলার করে।