আজ শুরু সামার অ্যাথলেটিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সামার অ্যাথলেটিকস মিটের সংবাদ সম্মেলন করতে এসে অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা পড়লেন লন্ডন সামার অলিম্পিক ২০১২ নিয়ে। সেই ১৯৮৪ সাল থেকে শুরু করে প্রতিটি অলিম্পিকেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে অ্যাথলেটিকস দল। কিন্তু আগামী বছরের লন্ডন অলিম্পিকে থাকবেন না নাজমুন নাহার বিউটি, পাপিয়া সরকার বা মোহন খানদের কেউ। সাফল্য নেই, পারফরম্যান্স নেই—এই যুক্তিতে অ্যাথলেটিকসকে লন্ডন অলিম্পিকের বাংলাদেশ দল থেকে বাদ দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন! আর এটি নিয়ে অ্যাথলেট-ফেডারেশন কর্মকর্তাদের সবাইকেই কাল দেখা গেল ক্ষুব্ধ।বিভিন্ন সার্ভিসেস দল, জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয় দল মিলিয়ে প্রায় ৪৫০ জন অ্যাথলেট ৩৬টি ইভেন্টে অংশ নিচ্ছে একাদশ ওয়ালটন সামার অ্যাথলেটিকসে। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় হ্যান্ড টাইমিং বাদ দিয়ে ইলেকট্রনিকস স্কোর বোর্ড ব্যবহার করতে পারে ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম কাল বললেন, ‘ইলেকট্রনিকস স্কোর বোর্ড চালু করার জন্য আমরা দুই দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যাপারটা প্রক্রিয়াধীন। আশা করি, ইলেকট্রনিকস স্কোর বোর্ড ব্যবহার করতে পারব।’জাতীয় চ্যাম্পিয়নশিপ, সামার মিট আর বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নামমাত্র অংশগ্রহণ—এসবের বাইরে প্রতিভাবান অ্যাথলেটদের পর্যাপ্ত অনুশীলনের একদমই সুযোগ নেই। এসব নিয়ে অভিযোগ করতে করতে ক্লান্ত অ্যাথলেটরা। এবার খেলোয়াড়দের আশ্বাস দেওয়া হচ্ছে, সামার মিট শেষে বাছাই করা ২০-২২ জন অ্যাথলেটকে নিয়ে শুরু হবে অনুশীলন ক্যাম্প। খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। স্প্রিন্টে নতুন জাতীয় রেকর্ড গড়লে পুরুষ ও মহিলা দুই বিভাগেই দেওয়া হবে ওয়ালটনের পক্ষ থেকে বিশেষ উপহার। তবে সোনাজয়ী খেলোয়াড়দের কোনো আর্থিক পুরস্কার দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক জ্যাভলিন থ্রোয়ার আরিফুল হক প্রতিযোগিতার সেরা দুজন খেলোয়াড়কে দেবেন ১০ হাজার করে টাকা। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম। উপস্থিত ছিলেন ওয়ালটনের প্রতিনিধি ইকবাল বিন আনোয়ার।