আজ শুরু সিনিয়র ডিভিশন ফুটবল লিগ
এক বছর পর আজ শুরু হচ্ছে ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। পৃষ্ঠপোষক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম গায়ে জড়ানো লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ইয়ংমেন্স ফকিরেরপুল ও ঢাকা ওয়ান্ডারার্স। ইয়ংমেন্স ফকিরেরপুল, যাত্রাবাড়ী ক্রীড়াচক্র, টিঅ্যান্ডটি ক্লাব, মহাখালী একাদশ, বাড্ডা জাগরণী, সানরাইজ স্পোর্টিং ক্লাব ও ওয়ান্ডারার্সকে নিয়ে অনুষ্ঠেয় লিগের সব ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে। লিগের চ্যাম্পিয়ন দল খেলবে আগামী মৌসুমে পেশাদার লিগের দ্বিতীয় স্তরে। লিগের পৃষ্ঠপোষকতা করতে প্রথমবারের মতো এগিয়ে এসেছে জীবনবিমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স। প্রতিটি ক্লাবকে এরই মধ্যে ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে। আরও ১ লাখ টাকা দেওয়া হবে। তবে কোনো প্রাইজমানি থাকছে না। ফুটবল ফেডারেশন ভবনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল তথ্যগুলো জানিয়েছেন মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ মারুফ হাসান। উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।