আজ শুরু সুপার ‘সুযোগ’ কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী মাঠ। ওয়ালি ফয়সাল, প্রাণতোষ, আরমান আজিজদের নিয়ে অনুশীলনে ব্যস্ত কোচ অমলেশ সেন। অনুশীলন দেখতে আসা এক দর্শকের কৌতূহলী প্রশ্ন, ‘লাকি পল, ইব্রাহিম, সামাদদের যে দেখছি না?’ আরেক দর্শকই দিলেন এর উত্তর, ‘ওরা তো নেই সুপার কাপে।’ শুধুই স্থানীয় খেলোয়াড়দের নিয়ে অনুশীলন অমলেশ সেনের কাছেই প্রায় নতুন অভিজ্ঞতা। ১৯৮৯ সালের পর প্রথম কোনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যেখানে বিদেশি খেলোয়াড় নেই। কিন্তু বর্তমান বাস্তবতায় বিদেশি ছাড়া দল গড়ার কথা ভাবতেই পারে না ক্লাবগুলো। আজ শুরু সুপার কাপটা এই ক্লাবগুলোর জন্যও এক নতুন অভিজ্ঞতা। আর স্থানীয় খেলোয়াড়দের জন্য সুপার কাপটা আসলে বড় একটা সুযোগ। আগস্টে শুরু দলবদল, সেপ্টেম্বরে সাফ ফুটবল। মৌসুমের শেষ টুর্নামেন্ট হলেও ফুটবলাররা হয়তো সেরাটা দিতে চাইবেন এই টুর্নামেন্টেই। কোচ লোডভিক ডি ক্রুইফ গ্যালারিতে থাকবেন। লড়াইটা তাই শুধুই প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজের সঙ্গেও।বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি ফেনী সকার। পরের ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। অনুশীলনে প্রতিপক্ষ নিয়ে যতটা কথা হলো কোচ-খেলোয়াড়দের মুখে, তার চেয়ে আলোচনায় বেশি থাকল স্থানীয় খেলোয়াড় প্রসঙ্গ। শুধু স্থানীয়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করায় শেখ রাসেলের কোচ মারুফুল হকের সাধুবাদ পাচ্ছে বাফুফে। মৌসুমে তিনটি শিরোপাজয়ী কোচ বললেন, ‘দেশের ফুটবলের জন্য এটা ভালো উদ্যোগ। তবে বাফুফে আরও লম্বা সময়ের জন্য নিয়মটা করলে ভালো হতো।’ মোহামেডানকে প্রথম সুপার কাপ জেতানো কোচ ফেনী সকারের বিপক্ষে সতর্ক থেকেই অভিযান শুরু করতে চান, ‘ফেনী সকারকে হালকা করে দেখার সুযোগ নেই। ওরা পেশাদার লিগের দল। তবে যে দল এক মৌসুমে তিনটায় চ্যাম্পিয়ন হতে পারে, তারা আরেকটিতে হতে পারবে না সেটা মনে করি না।’ অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের মাথায় চতুর্থ শিরোপা ঘুরপাক খাচ্ছে। তবে সে জন্য বাড়তি চাপ নিতে রাজি নন, ‘ট্রেবল জয়ের কথা ভুলে যেতে চাই। এটা সম্পূর্ণ নতুন মিশন। কারণ এখানে খেলবে স্থানীয়রা।’ শেখ রাসেলে এখন চোটের হানা। অনুশীলনে চোট পাওয়া মামুনুলের কনুই পুরো সেরে ওঠেনি বলে আজ খেলতে পারছেন না তিনি। তবে আশার কথা, কুঁচকির চোট থেকে সেরে উঠেছেন স্ট্রাইকার মিঠুন। পারিবারিক সমস্যা কাটিয়ে ফিরেছেন এমিলি। জাহিদও অ্যাঙ্কেলের চোট থেকে সেরে উঠে খেলার জন্য প্রস্তুত।আবাহনীর দায়িত্বপ্রাপ্ত কোচ অমলেশ সেন সুপার কাপকে ফুটবলারদের জন্য নতুন একটা সুযোগ হিসেবেই দেখছেন, ‘এখানে আমাদের ছেলেরা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। সামনে দলবদল। ভালো খেললে নিশ্চয়ই ভালো প্রস্তাব পাবে।’ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরেছিল আবাহনী। সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিশোধস্পৃহা নিয়েই হয়তো মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে। তবে কোচ এই প্রসঙ্গ এড়িয়ে দৃষ্টি ফেললেন সামনে, ‘তখন আমাদের বেশির ভাগ খেলোয়াড়ের ইনজুরি ছিল। এখন ওরা ফিট। আশা করি, মৌসুমের শেষ সুযোগটা কাজে লাগাতে পারব।’ মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম (মানিক) কাগজে-কলমের হিসাব বাদ দিয়ে বাস্তববাদী, ‘সেমিফাইনালে যেতে আমাদের দরকার পয়েন্ট। আবাহনী যত শক্তিশালীই হোক এ ম্যাচ থেকে ওটাই নিতে চাই।’