আজ শেষ প্রস্তুতি ম্যাচ উইন্ডিজের
সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতির ভালোই সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। পরশু ফতুল্লা স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচে জেতার পর আজ একই মাঠে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ। খেলা শুরু হবে বেলা ১টায়।প্রস্তুতি ম্যাচের বাইরে অনুশীলনকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ক্যারিবীয়রা। পরশু ম্যাচ খেলেছে, ম্যাচ আছে আজও; তার পরও কাল মিরপুরের একাডেমি মাঠে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো অনুশীলন করেছে পুরো দল। আগের দিন প্রস্তুতি ম্যাচে জিতলেও স্কোর বোর্ডে ২১৭ রান খুশি হওয়ার মতো নয়। হয়তো সে কারণেই এতটা সিরিয়াস ড্যারেন স্যামির দল। ঢাকায় এসে এখন পর্যন্ত মাঠ আর হোটেলের বাইরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি কারও। কারণটা কাল অনুশীলন শেষে জানালেন মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার, ‘খেলা আর অনুশীলন করেই ক্লান্ত থাকে সবাই। হোটেলে ফিরে আর কোথাও যাওয়ার ইচ্ছা হয় না। সবাই রুমেই থাকে।’ওদিকে আজকের টি-টোয়েন্টি ম্যাচের জন্য কাল ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। একদিনের প্রস্তুতি ম্যাচে খেলা মোহাম্মদ আশরাফুল, অলক কাপালি, নাঈম ইসলাম, নাসির হোসেন, সগীর হোসেন নেই এই দলে। নতুন ঢুকেছেন ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, নাদিফ চৌধুরী ও কামরুল ইসলাম।বিসিবি একাদশ: শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, রবিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, কামরুল ইসলাম (রাব্বি), সোহাগ গাজী, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম, ফরহাদ রেজা ও নাদিফ চৌধুরী।