আজ সই করবেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা বাসি হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিকতাই বাকি। সেই আনুষ্ঠানিকতা সারতে গতকাল দুবাইয়ে পৌঁছে যাওয়ার কথা ডিয়েগো ম্যারাডোনার। আজ দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের সঙ্গে দুই বছরের চুক্তিতে সই করবেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেওয়া হবে ওয়াসলের নতুন আর্জেন্টাইন কোচকে।সপরিবারেই ম্যারাডোনার দুবাইয়ে আসার কথা। গতবারের মতো ঝটিকা সফর এটি নয়। এবার হাতে বেশ কিছুদিন সময় নিয়েই এসেছেন। আগামী দুই বছরের জন্য দুবাইয়ে কোথায় থাকবেন, সেই বাড়িও ঠিক করার ব্যাপার আছে। এখানে নতুন করে সংসার শুরু করতে হবে। সেই প্রস্তুতি নিয়েই আসছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচ। আল ওয়াসলের লিগের শেষ ম্যাচটাও গ্যালারিতে বসে দেখার কথা তাঁর। আরব আমিরাতের পেশাদার লিগে এবার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে আল জাজিরা। ২১ ম্যাচ শেষে আল ওয়াসলের অবস্থান পঞ্চম। ১২ দলের এই লিগে মৌসুমে ২২ ম্যাচ হয়।বেশ কিছুদিন অবস্থান করে আবারও আর্জেন্টিনায় ফিরে যাবেন ম্যারাডোনা। এরপর জুলাইয়ের শেষের দিকে দুবাইয়ে ফিরে আসবেন। তখন শুরু হবে তাঁর আসল কাজ। প্রাক-মৌসুম সফরে ইউরোপে যেতে পারেন দল নিয়ে। এ সময় নতুন খেলোয়াড় সই করানোর কাজও করবেন। অবশ্য শুরুতেই পছন্দের খেলোয়াড়টিকে কিনতে ব্যর্থ হয়েছেন। গত বিশ্বকাপের ‘সোনার বল’ জেতা উরুগুইয়ান স্ট্রাইকার ডিয়েগো ফোরলান আসছেন না। তবে আল ওয়াসল হাল ছাড়ছে না। ইউরোপ থেকে অন্তত একজন বিশ্বমানের খেলোয়াড় আনতে চায় তারা। পাশাপাশি আরব আমিরাতের সেরা খেলোয়াড়দের ওপরও নজর আছে তাদের। ওয়েবসাইট।