
চট্টগ্রাম টেস্টের গতি-প্রকৃতি অনেকটাই বোঝা যাবে আজকের সকালের সেশনের পর। বাংলাদেশ দল যদি এই সেশনটা কাটিয়ে দিতে পারে তো সেটি আমাদের জন্য খুবই ভালো হবে। তৃতীয় দিন শেষে আমরা নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৮৯ রানে পিছিয়ে আছি। তবে এটা কোনো বড় ব্যাপার নয়। আজ রাজ্জাক-সোহাগ গাজীর প্রথম কাজই হবে উইকেটে টিকে থাকা। সেটি পারলে এবং বড় কোনো অঘটন না ঘটলে এই টেস্ট আমরা অন্তত হারব না বলেই মনে হচ্ছে।
আমি ইতিবাচক দিকটাই আগে ভাবব। সেটি ভাবতে গিয়ে মনের কোণে ভিড় জমাচ্ছে অনেক সম্ভাবনার কোলাজও। আমরা এই টেস্ট জিতব না, সেটিও তো আপনি নাকচ করে দিতে পারবেন না। হ্যাঁ, ক্রিকেটে অনেক কিছুই হতে পারে। দুটি দিন বাকি। আজ নিউজিল্যান্ড দ্রুত বাংলাদেশের তিনটি উইকেট তুলে নিলে ওরা কিন্তু খানিকটা সুবিধাজনক অবস্থায় চলে যেতে পারে। প্রথম ইনিংসে ৬০-৭০ রান লিড পেলে দ্বিতীয় ইনিংসে দ্রুত ব্যাট চালিয়ে ৩০০-এর ওপরে একটা লক্ষ্য বাংলাদেশকে দিয়ে দিলে কী হবে আগাম বলাটা বোকামি।
তবু আমি চাই ওদের ওপর আমরা যেন চাপটা তৈরি করতে পারি। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কিছু লিড নিলেও দ্বিতীয় ইনিংসে পেসাররা দ্রুত দু-তিনটা উইকেট তুলতে পারলে চাপে পড়বে ওরা। সেই সুযোগই এখন আমাদের নেওয়ার জন্য তৈরি থাকা দরকার।
কাল দিন শেষে নাসিরের উইকেটটা হারানো একটু ব্যয়বহুলই হয়ে গেছে বাংলাদেশের জন্য। সাধারণত এই রকম পরিস্থিতিতে নাসির তেমন সমর্থন পায় না অন্য প্রান্ত থেকে। কিন্তু কাল সোহাগ ওকে ভালোই সাপোর্ট দিয়েছে। দিন শেষে আরেকজন ব্যাটসম্যান থাকলে আমাদের জন্য ভালো হতো। মমিনুল-মুশফিক দিনটা পার করতে পারলে তো কথাই ছিল না। তবু যতটা ওরা করেছে, আমি খুশিই।
মমিনুলের বাড়তি প্রশংসা করতেই হচ্ছে। দারুণ ইনিংস খেলেছে ও। আমি তো মমিনুলের পুরো ইনিংসটাই দেখেছি। সাদা চোখে অনেকের মনে হতে পারে, মমিনুলের বুঝি বেশি শটস খেলার ঝোঁক ছিল। আসলে দু-তিনটি ইমপ্রোভাইজেশন শট ছাড়া বাকি শটগুলো ও খারাপ বলেই খেলেছে। তবে ওর ডাবল সেঞ্চুরিটা না হওয়ায় আফসোস থেকে গেল। এর আগে আশরাফুলও ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে ফিরে এসেছে। মুশফিকুর ডাবল সেঞ্চুরি পেয়েছে। কালও ওর ব্যাটিং ছিল আস্থার প্রতীক।
মমিনুল-মুশফিকদের কল্যাণে আমরা একটা অবস্থানে চলে এসেছি। প্রথমত, আমাদের ব্যাটিং ভালোই হচ্ছে। তবে নিউজিল্যান্ডের কাছে অতিরিক্ত গরম সমস্যাই বটে। এটাও আমাদের জন্য সুবিধা। ওদিকে উইকেটও তেমন বদলায়নি। পেস বোলিংয়ে একটু আপ-ডাউন হয়েছে কখনো কখনো। ওদের পেসারদের আমার একটু ক্লান্তও মনে হয়েছে।
এটা তো জানাই, নিউজিল্যান্ডের চেয়ে আমাদের স্পিনের মান তুলনামূলক ভালো। এখন দ্বিতীয় ইনিংসে সফরকারীদের স্পিন-বিষে মাত করার ছকই হয়তো বেশি ঘুরবে অধিনায়ক মুশফিকের মাথায়। তেমন কিছু দেখারই প্রত্যাশায় রইলাম আজ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে