আজ সাকিবকে পাচ্ছে জাতীয় লিগ
বিশ্রামে থাকায় প্রথম দুই রাউন্ডের ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। ইনজুরি পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে থাকায় জাতীয় লিগে মাঠের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা আর তামিম ইকবালও। তবে আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খুলনার হয়ে খেলবেন সাকিব।সেই ইংল্যান্ড সফর থেকেই টানা খেলার মধ্যে থাকায় নিউজিল্যান্ড সিরিজের পর কিছু দিন বিশ্রামে থাকবেন জানালেও খুলনা দলের ঢাকা ভেন্যুর ম্যাচগুলো খেলার পরিকল্পনা ছিল সাকিবের। সে অনুযায়িই আজ আবার মাঠে ফিরছেন তিনি। কাল বিকেলে শেরেবাংলা স্টেডিয়ামে খুলনা দলের অনুশীলনে নামার আগে সাকিব জানিয়েছেন, আজকের ম্যাচটা তিনি খেলছেন। সাকিবের অনুপস্থিতিতে রাজশাহী ও বরিশালের বিপক্ষে প্রথম দুই রাউন্ডের ম্যাচে হেরেছে খুলনা।খুলনার আরেক তারকা ক্রিকেটার মাশরাফিও মাঠে নামতে পারেননি এখনো। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন। সেই চোট অনেকটাই সেরে গেলেও ফিজিও মাইক হেনরির সবুজ সংকেত না পেলে খেলতে পারছেন না মাশরাফি। ছুটি কাটিয়ে আগামী পরশু ঢাকায় ফেরার পর মাশরাফির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে তাঁর খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন হেনরি। ফিজিওর সিদ্ধান্তের অপেক্ষায় আছেন অস্ত্রোপচারের পর হাতের ইনজুরি প্রায় কাটিয়ে ওঠা তামিমও। ‘চাইলে এখন খেলতে পারি। ঢাকায় খেলা হলে হয়তো কালকের (আজই) ম্যাচেই খেলতাম। অবশ্য ফিজিওর সিদ্ধান্তের ব্যাপারও আছে। উনি ছুটি থেকে ফেরার পর খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’—কাল জানিয়েছেন তামিম। তামিমের দল চট্টগ্রাম প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে জিতলেও হেরেছে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।