আজ সান্তোস, কাল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা বনাম সান্তোস। লিওনেল মেসি বনাম নেইমার। ফিফা ক্লাব বিশ্বকাপে পরম প্রার্থিত এই দ্বৈরথ দেখা যাবে? উত্তরটা হ্যাঁ-বোধক চাইলে মিলে যেতে হবে দুটো সমীকরণ। প্রথম সেমিফাইনালে সান্তোসের জয় চাই স্বাগতিক জাপানের কাশিওয়া রেসলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে নামবে বার্সা, কাতারের ক্লাব আল সাদকে হারাতে হবে ইউরোপ-সেরাদের।প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়ন সান্তোস মুখোমুখি হচ্ছে রেসলের। জাপানের এই ক্লাবটি কোনো মহাদেশীয় চ্যাম্পিয়ন নয়। এই মঞ্চে সুযোগ পেয়েছে স্বাগতিক হওয়ার সুবিধায়। আর সেই ক্লাবটিই প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে ওএফসি চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটিকে। এরপর কোয়ার্টার ফাইনালে হারিয়েছে কনক্যাকাফ চ্যাম্পিয়ন মন্টেরেকে। ‘সান কিংস’ ডাকনামের এই ক্লাবের বিস্ময়যাত্রা অব্যাহত থাকবে, নাকি তাদের বাস্তবতার মাটিতে নামিয়ে আনবে নেইমারের দল?শক্তির বিচারে এই ম্যাচে নিশ্চিত ফেবারিট সান্তোসই। তবে রেসলের ভরসার জায়গাটি তাদের কোচ। সান্তোসেরই সাবেক খেলোয়াড় ও কোচ নেলসিনহো ব্যাপটিস্টা দুই বছর হলো দায়িত্ব নিয়েছেন ক্লাবটির। রেসলকে জে লিগ চ্যাম্পিয়ন বানিয়ে জাপানের বর্ষসেরা কোচও হয়েছেন। আপাতত নেইমারকে আটকানোর কী ছক কেটেছেন কে জানে, ব্যাপটিস্টা কিন্তু মুখে স্তুতির বান ছোটালেন নেইমারকে নিয়ে, ‘সে অনেক সম্ভাবনাময় খেলোয়াড়। তার পক্ষে একদিন বিশ্বসেরা হওয়াও সম্ভব।’ওদিকে নেইমার আবার এই ম্যাচের চেয়ে বেশি কথা বলছেন ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ বার্সেলোনাকে নিয়ে। তাঁর ব্যাপারে অনেক দিন থেকেই আগ্রহী রিয়াল মাদ্রিদ। তবে নেইমার প্রকাশ্যেই বার্সেলোনা আর জাভি-মেসি-ইনিয়েস্তাদের প্রশংসা করে আসছেন। বার্সেলোনা অন্য গ্রহের ক্লাব, আর জাভি-মেসিরা অন্য গ্রহের ফুটবলার—বলেছেন এমন কথাও।জাপানে আসার পর থেকেই মেসি-স্তুতি বেড়ে গেছে আরও। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জাপানে উড়ে আসা বার্সা সম্পর্কে নেইমারের মন্তব্য, ‘বার্সেলোনাই বিশ্বের সেরা ক্লাব। ওদের বিপক্ষে খেলার সুযোগ পেলে খুবই ভালো লাগবে। আমি ওই ম্যাচটাও জেতার চেষ্টা করব।’স্বাভাবিকভাবেই এ প্রসঙ্গও আসছে, কে সেরা—মেসি, না নেইমার। খোদ পেলে নেইমারকে সেরা রায় দিয়ে এই বিতর্ক উসকে দিয়েছেন। তবে নেইমার নিজে কিন্তু মেসির সঙ্গে তুলনা হওয়াতেই ধন্য, ‘মেসির সঙ্গে তুলনা হওয়ায় আমি খুবই গর্বিত। এই তুলনা সত্যিই আমাকে অন্য রকম আনন্দ এনে দেয়।’ এএফপি, রয়টার্স।