আজ সামনে স্কটল্যান্ড
বাংলাদেশের প্রবল প্রতিপক্ষদের তালিকায় একসময় স্কটল্যান্ডও ছিল। সেই দিন আর নেই। বাংলাদেশ যেখানে খেলে ফেলেছে ২২৯টি ওয়ানডে, সেখানে ৪৮ ওয়ানডের অভিজ্ঞতায় স্কটল্যান্ড দলটা আন্তর্জাতিক ক্রিকেটে নবীনই রয়ে গেছে এখনো। গ্লাসগোতে আজ ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ স্বাগতিকদের কাছে তাই বড় দলের মর্যাদা পাচ্ছে। স্কটল্যান্ডের কোচ পিটার স্টেইনডলের কথাতেও এমনই একটা সুর, ‘দেশের মাটিতে আরেকটা টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি আমরা।’গ্লাসগোতে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ—আজ প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড। আগামীকাল হল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে আসার পর এই দুই ম্যাচ বাংলাদেশের কাছে কোনো ব্যাপারই হওয়ার কথা ছিল না। কিন্তু মাঝে পচা শামুকে পা কাটার অভিজ্ঞতা অস্বস্তির খচখচানি রেখে দিচ্ছে মনে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা ১৪৪ রানে জিতলেও প্রথম ম্যাচে হারায় সিরিজ হয়েছে ড্র। স্কটল্যান্ড আর হল্যান্ডকে তাই মনে মনেও হালকাভাবে নেওয়ার উপায় নেই বাংলাদেশের। কাল ক্লাইসডেল ক্রিকেট মাঠের অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগই নেই। আমরা খুবই সিরিয়াস। তা ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে, ওয়ানডেতে কোনো দলই প্রতিপক্ষকে হালকাভাবে নেয় না।’আয়ারল্যান্ডের কাছে হারের শিক্ষা থেকে বাংলাদেশ অধিনায়ক জেনেছেন আরও একটা ব্যাপার—প্রতিপক্ষ যত ছোট দলই হোক, ভুল করা যাবে না। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ থাকায় তবু সিরিজটা ড্র করা গেছে, স্কটল্যান্ডে তো দুই দলের বিপক্ষেই একটা করে ম্যাচ! হারলে যে সম্মান পুনরুদ্ধারের কোনো সুযোগই নেই, মাশরাফি দলকে মনে করিয়ে দিতে চাইলেন সেটাও, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। ছেলেরা প্রতিটি বিভাগেই ভালো খেলে ম্যাচ জিতেছে। এখানে (স্কটল্যান্ড) স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটা করে ম্যাচ খেলব আমরা। কোনো ভুলেরই সুযোগ নেই তাই।’এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে এডিনবরায় স্কটল্যান্ডকে হারিয়েই বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে দ্বিতীয় জয়। পরের দুটি জয় ২০০৬ সালে চট্টগ্রাম ও ঢাকায়। তবে অতীত ভুলে নিজেদের মাটিতে এবার ভালো কিছুই আশা করছে স্কটিশরা। দলে ফিরেছেন একসময়ের সবচেয়ে বড় স্কটিশ তারকা গ্যাভিন হ্যামিল্টন। ইংল্যান্ডের পক্ষে একটি টেস্ট খেললেও হ্যামিল্টন আবার জন্মভূমিতে ফেরত এসেছেন।গত কিছুদিন দলের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কটল্যান্ডের কোচ স্টেইনডল ধরে রাখতে চান সেই ধারাবাহিকতা, ‘দলের মধ্যে লড়াই করার যে মানসিকতা তৈরি হয়েছে, সেটারই ধারাবাহিকতা চাই আমরা। বাংলাদেশের চ্যালেঞ্জ নেওয়ার জন্য দল প্রস্তুত আছে।’