আজ সিলেটে দাবা অলিম্পিয়াড
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ শুরু হবে প্রথম দাবা অলিম্পিয়াড উৎসব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী উৎসবটা হবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে। সকাল আটটায় হবে শিক্ষার্থীদের নিবন্ধন।উৎসবে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। এ ছাড়া দেশের দুজন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন (রাজীব) অনুষ্ঠানে উপস্থিত থেকে খুদে দাবাড়ুদের উৎসাহিত করবেন।প্রথম দাবা অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে দাবা খেলার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন। এর মধ্য দিয়ে যদি শৈশবে দাবা খেলার চর্চা আমরা শুরু করতে পারি তাহলে শিশুদের ইতিবাচক চিন্তা ও বুদ্ধিসম্পন্ন মনন তৈরিতে তা সহায়ক হবে এবং তারা মনোযোগী ও সহিষ্ণু নাগরিক হিসেবে গড়ে উঠবে।’