আজ সেই খেলার বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজি যত তারা তব ধরাতে...! ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে সাঁতার, অ্যাথলেটিকস, তিরন্দাজি থেকে গলফ, টেনিস কিংবা ব্যাডমিন্টন...। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব তারকা আজ একসঙ্গে, এক ছাদের নিচে। আজ যে সেই অনুষ্ঠান, যেটির জন্য ব্যাকুল অপেক্ষায় থাকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজ বিকেলে সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসবে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আয়োজন। আজ সেই ‘খেলার বিকেল’!
এবার একসঙ্গে দেওয়া হবে ২০১৪ ও ২০১৫ দুই বছরের পুরস্কার। জুরিবোর্ডের বিচারে বর্ষসেরা, বর্ষসেরা দুই রানারআপ, বর্ষসেরা নারী ও বর্ষসেরা উদীয়মানের হাতে উঠবে ক্রেস্ট ও চেক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রপথিক ছিলেন যাঁরা, সেই কীর্তিমানদেরও স্মরণ করা হবে। দুজনকে দেওয়া হবে আজীবন সম্মাননা।
আগের দুবারের মতো এবারও থাকছে পাঠকদের রায়ে বর্ষসেরার স্বীকৃতি। ২০১৫ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পাঠকেরা তাঁদের পছন্দের তারকাকে ভোট দিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পাওয়া খেলোয়াড় পাবেন এই পুরস্কার। এবারও এসএমএস, কুপন ও অনলাইন ভোটের মাধ্যমে প্রথম আলোর পাঠকেরা নির্বাচন করেছেন তাঁদের চোখে বর্ষসেরা।
ঠিক বিকেল ৫টায় শুরু হবে এই অনুষ্ঠান। তবে যেটা হয়, এই পুরস্কারের সময় ঘনিয়ে এলেই সেই কৌতূহল আরও বাড়ে—কে হচ্ছেন বর্ষসেরা? এবার প্রশ্নটা নিয়ে রোমাঞ্চ দ্বিগুণ হচ্ছে একই সঙ্গে দুবারের বর্ষসেরা এই পুরস্কার পাবেন বলে। কিন্তু শেষ মুহূর্তে খাম খোলার আগ পর্যন্ত জানার উপায় নেই। এই রোমাঞ্চ নিয়েই শুরু হবে অনুষ্ঠান। প্রতিবার এ নিয়ে এতটাই গোপনীয়তা মেনে চলা হয়, প্রথম আলোর ক্রীড়া বিভাগও সব হাঁড়ির খবর জানে না। এ যেন শেষ দৃশ্যের সেই সাসপেন্স!
তবে এই অনুষ্ঠানের সবচেয়ে বড় দিক যেটি, এখানে মঞ্চের চেয়ে বেশি আলো থাকে দর্শকসারিতে। মঞ্চের চেয়ে বেশি প্রাণের স্পন্দনও। এই অনুষ্ঠান যে বর্ষসেরাদের সংবর্ধিত করার চেয়ে বেশি করে হয়ে ওঠে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মিলনমেলা।
দুই বছরে মোট ১৩ জন পুরস্কৃত হবেন। কিন্তু পুরস্কারের সংখ্যা দিয়ে এই আয়োজনকে মাপা বোধ হয় সম্ভব নয়। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াতারকার ঠিক পাশেই সমান গৌরব নিয়ে বসে থাকবেন সেই ক্রীড়াবিদ, পাদপ্রদীপের আলো যাঁর ওপরে সেভাবে পড়ে না। কিন্তু দুজনই তো সমান, একই সারিতে। দুজনই যে লাল-সবুজের প্রতিনিধি।
২০০৪ সালের সেরাদের দিয়ে যে আয়োজন শুরু হয়েছিল, সেটিই এবারের অনুষ্ঠান দিয়ে পা রাখছে যুগপূর্তিতে। সেদিক দিয়েও এবারের অনুষ্ঠান বিশেষ হয়ে থাকছে জমকালো আয়োজনে। পাঠকদের একটাই আক্ষেপ থাকতে পারে, সবার জন্য এই অনুষ্ঠান উন্মুক্ত নয়। ভাগ্যবান বিজয়ী কয়েকজন পাঠক অবশ্য প্রিয় তারকার পাশে বসে উপভোগ করতে পারবেন এ অনুষ্ঠান। তবে অন্যদেরও অপেক্ষায় থাকতে হবে না বেশি দিন। আজ সন্ধ্যা ছয়টায় চ্যানেল নাইনে সম্প্রচার করা হবে অনুষ্ঠানের ‘রেড কার্পেট’। ৬ জুন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে মূল অনুষ্ঠান।