আজ স্কুল হকির ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর চেহারায় নেই কোচসুলভ গাম্ভীর্য। কথাবার্তায় খেলোয়াড়সুলভ চপলতা। জসিমউদ্দিনের সবচেয়ে বড় পরিচয় এখনো খেলোয়াড়। প্রিমিয়ার বিভাগ হকিতে ওয়ারী ক্লাবের হয়ে গত মৌসুমে খেলেছেন। নিজে থেকেই বললেন, ‘আমি সার্টিফিকেটধারী কোনো কোচ না। অভিজ্ঞতাও নেই কোচিংয়ের।’ তরুণ এই কোচের হাত ধরেই এবারের জাতীয় স্কুল হকির ফাইনালে উঠেছে যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল।

এই স্কুলের বেশির ভাগ ছাত্রই জীবনে প্রথম হকিস্টিক হাতে তুলেছে। যশোর জেলা স্টেডিয়ামে জসিম প্রতিদিন অনুশীলন করিয়েছেন ছাত্রদের। আজ জাতীয় স্কুল হকির ফাইনালে মাঠে নামার আগে তাই বেশ আত্মপ্রত্যয়ী মনে হলো যশোরের স্কুলের কোচকে। জসিমউদ্দিন এখন স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওয়ার, ‘আর একটি মাত্র ম্যাচ জিততে হবে আমাদের, তাহলেই আমরা চ্যাম্পিয়ন। হকিতে যশোরেও যে দারুণ সম্ভাবনা আছে সেটা প্রমাণ করতে চাই আমরা।’

একই প্রত্যাশা রাজশাহী আল হিকমা মুসলিম একাডেমিরও। গত বছর শীতকালীন আন্তস্কুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল এ দলটি। একই দলই এবার জাতীয় স্কুল হকিতেও খেলছে। যশোরের চেয়ে তাই নিজেদের এগিয়ে রাখলেন রাজশাহীর ম্যানেজার আজের উদ্দিন।

চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, রানার্সআপ ৫০ হাজার। এ ছাড়া সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হবে এক লাখ টাকা।