জীবনে কত ফাইনালের সঙ্গেই তো পরিচয় হয়েছে! আজও তেমনই এক ফাইনাল আমাদের জন্য। জিতলে বিশ্বকাপে টিকে থাকবে বাংলাদেশ, হারলে বিদায়। সবই নির্ভর করছে ভালো খেলার ওপর। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো এবং পেশাদার দল। ওদের আমরা গত বিশ্বকাপে হারিয়েছিলাম। কিন্তু সেই স্মৃতিকাতরতায় ভুগলে তো আর চলবে না!দক্ষিণ আফ্রিকা কেন এত সমীহ পায়? কেন ওদের বাড়তি সম্মান দেয় প্রতিপক্ষ? উত্তর—ওরা ধারাবাহিক। ওদের হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স র্যাঙ্কিংয়ে এক ও দুই নম্বর ব্যাটসম্যান। গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস—আরও বড় বড় নাম আছে ওদের। তবে আমার মনে হয়, দলটির ব্যাটিংয়ের চেয়ে বোলিংটাই বেশি শক্তিশালী। পেস বোলিংয়ে তো অলিখিত বিশ্বসেরা স্টেইন-মরকেল জুটি। স্পিনে বোথা-পিটারসন-তাহিরও ভালো। ফিল্ডিংয়ের কথা আলাদা করে বলার দরকার নেই। সব বিভাগ মিলিয়ে ওরা পরিপূর্ণ এক দল।স্টেইন আজ খেলবে কি না, জানি না। খেললে ওকে সাবধানে সামলাতে হবে। তবে স্টেইন নয়, আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ভয়ংকর বোলারটির নাম এখন লনওয়াবো সতসোবে। দারুণ ফর্মে আছে বাঁহাতি পেসারটি। নিয়মিত উইকেট তুলছে। ওকে অবশ্যই সাবধানে খেলতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।সঙ্গে এটাও বলছি, সামর্থ্যের বাইরে কিছু করতে যাওয়ার চেষ্টা যেন আমাদের দল না করতে যায়। এত দিন যে ক্রিকেটটা আমরা খেলে এসেছি, সেটিই খেলতে হবে। রাতারাতি কিছু বদলানোর চিন্তা মাথায় আনা যাবে না। আমাদের চেয়ে দক্ষিণ আফ্রিকা অনেক অনেক এগিয়ে থাকা একটা দল। অনেক পরিণত এবং সব দিক দিয়েই শক্তিশালী।এই দলের সামনে দাঁড়াতে আমাদের চাপমুক্ত থাকার কোনো বিকল্প নেই। আমি বরাবরই এই কলামে বাংলাদেশ দলকে চাপমুক্ত থাকার কথা বলে এসেছি। আজ চাপমুক্ত থাকাটা আরও বেশি দরকার। আমরা এখনো এতটা পেশাদার দল হইনি যে চাপ সামলে ভালো খেলতে পারি। বড় দলগুলোই অনেক সময় চাপের মুখে ভেঙে পড়ে, আমরা তো বলতে গেলে নতুন একটা দল। দীর্ঘ ১১ বছরের ক্যারিয়ারে দেখেছি, আমরা চাপের মুখে কখনো ভালো খেলিনি।সাকিবরা গত রাতে কী ভাবতে ভাবতে ঘুমিয়েছে, জানি না। বিশ্বাস করতে চাই, ওরা জয়-পরাজয়ের ব্যাপারটা মাথা থেকে তাড়িয়ে ঘুমোতে গেছে। হারলে আমাদের বিশ্বকাপ শেষ—এটা যেন একদমই মনে না আনে। মানসিকভাবে একদম ফুরফুরে হয়ে মাঠে যেতে হবে। অস্থিরতায় ভুগলে সেটি ক্ষতির কারণ হতে পারে। আর দশটা ম্যাচের মতোই খেলার পরামর্শ আমার। তবে হ্যাঁ, সঙ্গে চাই ভাগ্যের পরশ, জয়ের জন্য যেটি খুব দরকার।আমাদের মূল চিন্তা ব্যাটিং নিয়ে। ভারত ম্যাচটা বাদ দিয়ে গত চারটা ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং ভালো হয়নি। তাই বলে বোলিং নিয়ে আলাদা করে ভাবব না—ব্যাপারটা যেন এমনও না হয়। আমাদের ব্যাটিং অলরাউন্ডার বেশি। তাদের বোলিংটা দলের জন্য খুব প্রয়োজন। এটা যাতে সাকিবদের মাথায় থাকে।বাংলাদেশ পাঁচ ম্যাচের তিনটা জিতেছে। ফলাফলের দিক বিবেচনা করলে অখুশি হতে পারবেন না। তবে নিশ্চয়ই জয়ের ধরন নিয়ে অতৃপ্তি বা মূল্যায়ন থাকতে পারে। আবার এটাও ঠিক, ক্রিকেটে সবই সম্ভব। আপনি ২০৫ রানে অলআউট হয়ে প্রতিপক্ষকে আটকে দিলেন ২০৪ রানে। ২০৫ করাটা আপনার ব্যাটিং ব্যর্থতা, তার পরও জেতাটাই আসল।সামনে দক্ষিণ আফ্রিকা, তাই বলে কুঁকড়ে যাওয়ারও কিছু নেই। এক দিনের ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। তা ছাড়া দক্ষিণ আফ্রিকা যতই সমীহ জাগানো দল হোক, চাঁদেও কিন্তু কলঙ্ক আছে। ওদের লোয়ার মিডল অর্ডারে খুঁত দেখছি। এই জায়গাটায় ওরা একটু যেন নড়বড়ে। দলটি টার্নিং উইকেটে খেলতে অভ্যস্ত নয়। মোটের ওপর গত ম্যাচে বিশ্রামে থাকা এবি ডি ভিলিয়ার্স আজও না খেললে সেটি বাংলাদেশের জন্য বড় সুবিধা।এই ম্যাচটায় দক্ষিণ আফ্রিকার ওপর চাপ নেই। শেষ আটে উঠে গেছে ওরা। তাই এদিন ওদের ‘চোকিং’ করার কিছু নেই। তার পরও ‘চোকিং’ শব্দটাই আমি বলব। ওদের আরেকটা ‘চোকিং’ দেখার অপেক্ষায় থাকলাম। আজ হোক আমাদের ক্রিকেটে আরেকটি ঐতিহাসিক দিন।