আজ হোক শারমিন-সাদিয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দাঁড়িয়ে ১৬ জন শ্যুটার অনুশীলন করছেন। এক প্রান্তে শারমিন আক্তার (রত্না) গুলি ভরছেন, আর লক্ষ্য ভেদ করে চলেছেন একাগ্রচিত্তে। এটি কাল দুপুরে ড. কারনি সিং শ্যুটিং কমপ্লেক্সের ১০ মিটার রেঞ্জের ছবি। আজ প্রতিযোগিতার মঞ্চে এই ছবিটাই দেখতে চায় বাংলাদেশ শ্যুটিং দল। শারমিন আক্তার ও সাদিয়া সুলতানাই তা আঁকতে পারেন আজ রং-তুলি (পড়ুন রাইফেল) হাতে। ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জয়ের পরও ‘ব্যর্থ’ বাংলাদেশ দলকে আজ উৎসবে রাঙাতে শ্যুটিং রেঞ্জে লড়বেন এঁরা দুজন। শেষ পর্যন্ত ছবিটা কী দাঁড়াবে শিল্পীরা অবশ্য জানেন না।জানেন শুধু ভালো ছবি আঁকার সামর্থ্য আছে। এখন পরীক্ষা দেওয়ার পালা। কিছুদিন আগে এই দিল্লিতেই সাদিয়াকে সঙ্গী করে কমনওয়েলথ শ্যুটিংয়ে ১০ মিটারে দলীয় সোনা জয়ের কথা মনে পড়ছে শারমিনের। এর আগে এসএ গেমসে দলীয় ও ব্যক্তিগত সোনা জয়। ‘সোনার মেয়ে’ হয়ে ওঠা মাগুরার মেয়ের মুখে লড়াইয়ের দৃপ্ত ঘোষণা, ‘আমার সর্বোচ্চ চেষ্টাই করব। এই দিনটির জন্য অনেক দিনের অপেক্ষা। জানি না কী হবে। তবে আমি প্রস্তুত।’৭৫ মিনিটে ৪০টি গুলি মারতে হয়, প্রতিটি সর্বোচ্চ ১০ পয়েন্ট করে। এর আগে শারমিনের মাত্র দুটি গুলি ৯ হয়েছে, বাকি সব ১০। ৪০০-তে যাঁর সেরা স্কোর ৩৯৮, অনুশীলেন ৩৯৬-৯৭ হয়েছে, তাঁর চোখ সোনায় নিবিষ্ট হওয়ারই কথা। শ্যুটিং দলের কোচ আসবাব আলী বলছিলেন, ‘শারমিনের চেষ্টা আর হার না-মানা মানসিকতাটা দুর্দান্ত। প্রতিযোগিতার সময় এলোমেলো হয়ে যায় না সে। এটাই তার বড় গুণ।’দুপুরে শ্যুটিং রেঞ্জে ঢোকার মুখেই দেখা আসিফ হোসেনের সঙ্গে। নামাজ পড়তে বেরোচ্ছেন। গলায় ঝোলানো পরিচয়পত্রে ৬-৭টি দেশের কোটপিন। এবার সংগ্রহটা ভালো হয়নি বলে তাঁর মুখে একটু আফসোস। আসিফ যখন ঘুরে বেড়াচ্ছেন নির্ভার, পরদিন শারমিনের ইভেন্ট নিয়ে উত্তেজনার মাঝে বাংলাদেশ শিবিরে তখন আরেক দফা আক্ষেপ।পুরুষ ৫০ মিটার থ্রি-পজিশনে স্কটল্যান্ডের সঙ্গে তৃতীয় স্থানের লড়াইয়ে থেকেও দলগতভাবে ষষ্ঠ বাংলাদেশ। থ্রি-পজিশনের প্রথম দুটি বিভাগ শুয়ে এবং দাঁড়িয়ে ভালোই মেরেছেন তৌফিক শাহরিয়ার (চন্দন) ও রমজান আলী। কিন্তু হাঁটু মুড়ে মারতে গিয়েই সব এলোমেলো।রমজানের একটা গুলি ছুটে গেছে দুর্ঘটনাবশত। দশের মধ্যে মাত্র ৪ হয়েছে। সোনাজয়ী ভারতের গগন নারাং এবং ইমরান হাসানের মোট স্কোর ২৩২৫, বাংলাদেশের ২২৭৭। এই স্কোরেই খুশি তৌফিক, ‘ভালো প্রস্তুতি হলে পদক পেতে পারতাম। আমাদের ৫০ মিটারের গুলিই তো নেই। এখানে এসে কেনা হয়েছে। তার পরও স্কোর আগের চেয়ে বেড়েছে।’শারমিন সোনা না জিতলে খুশি হতে পারবেন না পুরোপুরি। কিন্তু তাঁর কাজটা সহজ হবে না। ভারতীয়রা নিজেদের লুকিয়ে রাখতেই কিনা কাল অনুশীলনই করল না। অন্যরাও শক্ত প্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ প্রায় সব দেশের শ্যুটাররাই অবলীলায় দশে দশ করছিলেন অনুশীলনে। শারমিনও করছিলেন দশে দশ। তাতে কী, আসল মঞ্চেই না দিতে হবে স্নায়ুচাপ জয়ের পরীক্ষা!আজ শারমিন-সাদিয়ার জয় দেখতে উদগ্রীব শ্যুটিং দল। আর শারমিনের একান্ত কামনা দেশবাসীর দোয়া, ‘দেশবাসীর শুভকামনা আর দোয়া চাই।’ শারমিন না বললেও সেটি তো তাঁর সঙ্গেই আছে।