আজ ৪০ হচ্ছে তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ গজে ‘৪০’ সংখ্যাটা এমন কিছু নয়। তবে জীবনের ইনিংসে বড় একটা মাইলফলক। ৪০ পূর্ণ করা মানে মধ্যবয়সীদের দলে নাম লেখানো। আর ক্রিকেটের আঙিনায় ৪০ মানে তো বুড়োদের তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম লেখানো। জীবনের পথচলায় আজ নতুন সেই মোড়ে প্রবেশ করছেন শচীন টেন্ডুলকার। আজ তাঁর ৪০তম জন্মদিন।যথারীতি অভিনন্দন, প্রশংসা, স্তুতি, স্মৃতিচারণার পালা শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। চলছে এখনো। নতুন কিছু নয়, টেন্ডুলকারের প্রতিটি জন্মদিন মানেই স্তুতির বন্যা। ভারতজুৃড়ে জাতীয় দিবসের আবহ। তবে কয়েক বছর ধরে এসবের সঙ্গী একটা প্রশ্নও। ‘চল্লিশে চালসে’ প্রবাদটা মনে করিয়ে সেই প্রশ্নটা এবার উঠছে একটু জোরেসোরেই, ‘আর কত দিন?’ গত ৫৪ বছরে ভারতের হয়ে কেউ খেলতে পারেননি ৪০ পেরিয়ে। তবে শুধু বয়সের কারণেই তো আর নয়, প্রশ্নগুলো উঠছে ব্যাট হাতে সাধারণের কাতারে নেমে আসাও। টেস্ট সেঞ্চুরির দেখা নেই ২৭ মাস। স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর ২১ টেস্টে ১১৪৫ রান করেছেন মাত্র ৩১.৮০ গড়ে। টেস্ট ক্যারিয়ার লম্বা করতে বিদায় জানিয়েছেন ওয়ানডেকে, পারফরম্যান্সের গ্রাফ তবু নিম্নমুখী। সর্বশেষ ১২ টেস্টে ফিফটি ছুঁয়েছেন মাত্র দুবার! ৫৭ ছুঁই ছুঁই টেস্ট গড় এই ধাক্কায় হয়ে গেছে ৫৩.৮৬।সমসাময়িক দ্রাবিড়-পন্টিং-লক্ষ্মণদের মতো সম্মানজনক বিদায়ের পথে কেন হাঁটছেন না, এই প্রশ্নের আলোড়ন তাই পুরো ক্রিকেট বিশ্বেই। গত সপ্তাহেই স্টিভ ওয়াহ বলেছেন, ‘অবসরের সিদ্ধান্তটা নেওয়া উচিত টেন্ডুলকারের নিজেরই। সে নিজের মান অনুযায়ী খেলতে পারছে না।’ গত ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর সৌরভ গাঙ্গুলী পর্যন্ত বলেছিলেন, ‘এত কিছু অর্জন করেছে বলেই ও এত সুযোগ পাচ্ছে। বাইরে থেকে দেখে বলতেই হচ্ছে, টেন্ডুলকার পারফর্ম করছে না। আমি টেন্ডুলকার হলে অবসরে চলে যেতাম।’ চারপাশের এত আলোড়ন অবশ্য টেন্ডুলকারকে আলোড়িত করেছে সামান্যই। মাস ছয়েক আগে একবার বলেছিলেন, ‘আমার বয়স ৩৯ ছাড়িয়েছে, এই বয়সে অবসরের কথা না ভাবা অস্বাভাবিক। তবে আমি শুনব আমার হূদয়ের কথা। এই মুহূর্তে হূদয় বলছে, আমি ঠিকই আছি।’ সেই ভাবনাতে পরিবর্তন হয়নি এখনো। সপ্তাহ খানেক আগে এক প্রচারণামূলক অনুষ্ঠানে বলেছেন, ‘২০০৫ সাল থেকে লোকে আমার অবসর নিয়ে ভাবছে। এসব আমাকে ভাবায় না। আপনাদের (সংবাদমাধ্যম) কাজ লেখা, আমার কাজ খেলা। আপনারা আপনাদের কাজ করে যাবেন, আমি আমার।’প্রশ্নগুলো এক পাশে রাখলে, আধুনিক ডনের জন্মদিনকে ঘিরে আবেগ-উচ্ছ্বাস-আয়োজনের কমতি নেই এবারও। ২০০৮ সাল থেকেই জন্মদিনের প্রথম প্রহরটি মুম্বাই ইন্ডিয়ান্স সতীর্থদের সঙ্গে কাটাতে হচ্ছে। এবারও ব্যতিক্রম নয়। আইপিএলের ম্যাচ খেলতে মুম্বাই ইন্ডিয়ান্স এখন কলকাতায়। সেখানেই টিম হোটেলে ছোটখাটো একটা অনুষ্ঠান আছে, কেক কাটবেন টেন্ডুলকার। দলের স্বত্বাধিকারী নিতা আম্বানির সঙ্গে টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলিরও থাকার কথা সেখানে। আইপিএলে মুম্বাই-কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচের আবহকেও ছাপিয়ে যাচ্ছে জন্মদিনের উৎসব। ৪০তম জন্মদিন উপলক্ষে ৪০ পাউন্ড ওজনের একটি কেক উপহার দিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সেই চকলেট কেকের জন্য কোকো আনা হয়েছে ঘানা ও মাদাগাস্কার থেকে। বিশ্বকাপ জয়ের মুহূর্তের টেন্ডুলকারের বড় একটা ছবি থাকবে কেকে, চারপাশে থাকবে বিভিন্ন মুহূর্তের আরও ৪০টি ছবি। ম্যাচের আগে ড্রেসিংরুমের সামনে সেই কেক কাটবেন টেন্ডুলকার। প্রশংসা-স্তুতি-শুভেচ্ছার বান তো আছেই। শুধু বর্তমান-সাবেক ক্রিকেটার নন, বিনোদন জগৎ, রাজনীতিবিদ, সমাজকর্মী থেকে শুরু করে সবাই কণ্ঠ মিলিয়েছেন অভিনন্দনের মিছিলে। আউটলুক সাময়িকী বের করেছে বিশেষ ক্রোড়পত্র। তবে টেন্ডুলকারও নিশ্চয়ই জানেন, ব্যাট কথা না বললে কদিন পরই এই উচ্ছ্বাসকে চাপা দিয়ে আরও বড় হয়ে উঠবে প্রশ্নটা—আর কত দিন? এএফপি, ওয়েবসাইট।