আজ ‘ডার্বি অব ইতালি’
প্রথম ইতালিয়ান দল হিসেবে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মিলান। লিগ শিরোপা তারা জিতে আসছে চার মৌসুম ধরেই। ২০০৫-০৬ মৌসুমে কাপ আর লিগ ‘ডাবল’ জেতা হলেও তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। এবার সুযোগ এসেছে আবার। হোসে মরিনহোও প্রস্তুত!শিরোপাত্রয়ী জেতার পথে প্রথম বড় পরীক্ষায় আজই নামছে ইন্টার। মহাপরীক্ষা বলাই ভালো। আজ সান সিরোতে যে ‘ডার্বি অব ইতালি’, জুভেন্টাসের সঙ্গে তাদের যে লড়াইটা চলে আসছে এক শতাব্দী ধরে। ডার্বি তো হয় শহরের ভেতর। শহর ছাপিয়ে মিলানের ‘নেরাজ্জুরি’দের সঙ্গে তুরিনের ‘ওল্ড লেডি’র এই লড়াই পুরো ইতালির!সাধারণত মৌসুমের এই পর্যায়ে এসে ইন্টার-জুভের ম্যাচটা শিরোপা নির্ধারক হয়ে ওঠে। লিগে ম্যাচ বাকি থাকে মাত্র পাঁচটা। কিন্তু এবার ছবিটা অন্য রকম। এবারও লিগে লম্বা সময় ধরে দাপট দেখিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গেও নিরাপদ দূরত্ব ছিল তাদের। কিন্তু লিগে গত সাত ম্যাচে হিসাব অনেক পাল্টেছে। এই সাত ম্যাচে মাত্র দুটো জিতেছে ইন্টার, হেরেছেও দুটো, বাকি তিনটি ড্র। লিগের দ্বিতীয়ার্ধে রোমার চেয়ে ১৬ পয়েন্ট কম তুলেছে তারা।এই একই সময়ে দুরন্ত গতিতে ছুটে এসে রোমা তাই ইন্টারকে শুধু ধরেই ফেলেনি, আগের রাউন্ডে মরিনহোর দলকে দুইয়ে নামিয়ে উঠে গেছে একে। ৩৩ ম্যাচ শেষে রোমার পয়েন্ট ৬৮, ইন্টারের ৬৭, এসি মিলানের ৬৪। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা জুভরা শিরোপা-দৌড়েই নেই। তবে ইন্টারকে শিরোপা লড়াই থেকে ছিটকে তারা দিতে পারে। তিন পয়েন্ট পাওয়া তাদের জন্যও জরুরি। কারণ চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বের টিকিট পেতে হলেও চার নম্বরে থেকে শেষ করতে হবে তাদের।চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল আর কাপের ফাইনালে পৌঁছে যাওয়া ইন্টারের জন্য আজকের ম্যাচটি আবারও শীর্ষে ওঠার সুযোগ। শেষ প্রান্তে এসে স্নায়বিক চাপের পাশাপাশি কায়িক শ্রমের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে মরিনহোকে। প্রতি সপ্তাহেই দুটো করে ম্যাচ খেলতে হচ্ছে বলে কাপের সেমিফাইনালে দলের বেশ কজন খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন তিনি। আজ সেই বিলাসিতা দেখানোর সুযোগ নেই। শুধু আজ কেন, মৌসুমের শেষ প্রান্তে ইন্টার মিলানের জন্য প্রতিটি ম্যাচকেই একেকটা ‘ফাইনাল’ দেখছেন অধিনায়ক হ্যাভিয়ের জানেত্তি, ‘আমরা সব সময়ই জেতার জন্যই মাঠে নামি। এ কারণেই এখন থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচে আমাদের সেই দৃঢ়প্রতিজ্ঞাটা থাকবেই। আমরা তিনটি যুদ্ধক্ষেত্রে লড়ছি, যার কোনোটাতেই এক ইঞ্চি ছাড় আমরা দেব না। না চ্যাম্পিয়নস লিগে, না কাপে।’