আজই আসল ‘মাদ্রিদ ডার্বি’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদকে নিয়ে অ্যাটলেটিকো সমর্থকেরা স্লোগান দেয়—এল ইকুইপো দেল গবিয়ের্নো, মানে কিনা সরকারি ক্লাব। এ তো মাদ্রিদের শাসকগোষ্ঠী-বিরোধী কাতালান চেতনার ধারক বার্সেলোনার স্লোগান। বার্সার পাঁড় সমর্থকেরা স্বাভাবিকভাবেই ‘মাদ্রিদ ডার্বি’তে অ্যাটলেটিকোর পক্ষে দাঁড়ায়। এতে আরেকটা স্বার্থও থাকে। বার্সার সঙ্গে শিরোপার মূল লড়াইটা যেহেতু রিয়ালেরই হয়, রিয়াল পয়েন্ট হারালে বার্সারই লাভ!আজ আবার এমনই একটা মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি মাদ্রিদের দুই দল। ‘এমনই’ বলাটা অবশ্য ভুল হলো। আজকের মাদ্রিদ ডার্বি দুটি দিক দিয়ে আলাদা।প্রথমত, আজকের মাদ্রিদ ডার্বিটা অন্তত বার্সেলোনার জন্য অদ্ভুত এক অভিজ্ঞতার। এই ম্যাচে রিয়াল জিতলেও বার্সা খুশি, অ্যাটলেটিকো জিতলেও খুশি, আর ড্র হলে তো কথাই নেই! অর্থাৎ ম্যাচের ফল যা-ই হোক না কেন, আসল লাভ বার্সার!দ্বিতীয় ব্যাখ্যাটা হলো, নামে যতই ডার্বি হোক, এ ম্যাচটি রিয়ালের জন্য আসলে একরকম ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছিল। লিগে নগরপ্রতিদ্বন্দ্বীদের কাছে রিয়াল সর্বশেষ হেরেছিল সেই ১৯৯৯-২০০০ মৌসুমে! লিগের গত ২১ ম্যাচে রিয়ালকে হারাতে পারেনি অ্যাটলেটিকো। হেরেছে ১৫ ম্যাচেই। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকোকে জ্বালিয়ে পুড়িয়েই দেওয়ার কথা হোসে মরিনহোর দলের।না, এবারের হিসাবটা অন্য রকম। ১৪ বছরের মধ্যে এই প্রথম রিয়ালের ওপরে থেকে রিয়ালের মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো! ১৩ ম্যাচে ১১ জয় আর একটি মাত্র পরাজয় সূত্রে অ্যাটলেটিকোর পয়েন্ট ৩৪। রিয়ালের পয়েন্ট ২৬। বার্সার চেয়ে অ্যাটলেটিকো পিছিয়ে মাত্র ৩ পয়েন্টে, আর রিয়াল পিছিয়ে ১১ পয়েন্টে! মাঠে রাদামেল ফ্যালকাও নামের এক বাঘ আর মাঠের বাইরে ডিয়েগো সিমিওনে—এই জুটি অ্যাটলেটিকোর খোলনলচে পাল্টে দিয়েছেন। গতবার ইউরোপা লিগ জিতেছে অ্যাটলেটিকো। এবারের মৌসুম শুরুতে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়েছে ৪-১ গোলে! অ্যাটলেটিকোর প্রেরণা উজ্জ্বল বর্তমান, রিয়ালের সাহস অতীত। দেখা যাক, শেষ পর্যন্ত জয় হয় কার। দেখা যাক, ক্রিস্টিয়ানো রোনালদো বনাম ফ্যালকাওয়ের দ্বৈরথেই বা কে জেতেন। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বার্নাব্যুতে নামছেন এই ক্লাব মৌসুমে ১৩ ম্যাচে ১৪ গোল করা ফ্যালকাও। মাদ্রিদ ডার্বির আগেই বার্সা মাঠে নামছে। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ওয়েবসাইট।