আজই বায়ার্নের 'ট্রেবল'?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত একটা মৌসুমই কাটছে বায়ার্নের। রেকর্ড বুকের অনেকটাই নতুন করে লিখে বুন্দেসলিগা জিতেছে। ডর্টমুন্ডকে হারিয়ে জিতেছে চ্যাম্পিয়নস লিগও। তবে তুলির শেষ আঁচড়টা দেওয়া এখনো বাকি। আজই যে তারা জার্মান কাপের ফাইনালে মুখোমুখি হবে স্টুটগার্টের! এই কাপটা জিতলে প্রথম জার্মান ক্লাব হিসেবে ‘ট্রেবল’ও জেতা হয়ে যাবে বায়ার্নের।ত্রয়ী শিরোপা জয়ের ঐতিহাসিক কীর্তি ইউরোপেই খুব বেশি ক্লাবের নেই। এর আগে সেল্টিক, আয়াক্স, পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও ইন্টার মিলান গড়েছিল কীর্তিটা। জার্মানিতে ইতিহাস গড়ে এই অভিজাত ক্লাবে ঢোকার সুযোগ বায়ার্নের সামনে। বায়ার্নের  প্রধান নির্বাহী সাবেক জার্মান তারকা কার্ল হেইঞ্জ রুমেনিগের চোখে এই অর্জনটা হবে অমরত্ব লাভের সমান।এই দলটিকে তিনি বলছেন বায়ার্নের সর্বকালের সেরা।সন্দেহ সামান্যই যে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগের চেয়ে জার্মান কাপের লড়াই অনেক সহজ। তবে পচা শামুকে যাতে পা না কাটে, সেদিকে সতর্ক বাভারিয়ানরা। বাস্তিয়ান শোয়েনস্টেইগার তো বলেছেন এই কাপটা জেতা ‘খুব খুব গুরুত্বপূর্ণ’। ‘কাপটা জিততে দল উন্মুখ হয়ে আছে। অবশ্যই ওয়েম্বলিতে (চ্যাম্পিয়নস লিগ) জেতাটা স্পেশাল ছিল। কিন্তু বার্লিনের দিকে মনোযোগটা আরও বাড়ছে আমাদের’—জার্মান কাপের বার্লিন ফাইনাল নিয়ে বায়ার্ন মিডফিল্ডার দলের সতর্ক অবস্থানই তুলে ধরেছেন। শোয়েইনিও অবশ্য ইতিহাসের সামনে দাঁড়িয়ে, অলিভার কানের ছয়বার কাপ জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ তাঁর সামনে।

তবে ফাইনালের আগে বায়ার্নের জন্য ছোট্ট ধাক্কা হলো, কনফেডারেশনস কাপের দলের দুই ব্রাজিলিয়ান সদস্য দান্তে ও লুইস গুস্তাভোকে ছেড়ে দিতে বাধ্য হওয়া। এ নিয়ে কদিন ধরেই চাপান-উতোর চলছে বায়ার্ন ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মধ্যে। রুমেনিগের কাছে ব্যাপারটি ‘অমানবিক, নির্দয়, অন্যায্য ও অগ্রহণযোগ্য’। দান্তের জায়গায় আজ খেলবেন বেলজিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল ফন বুইতেন। এএফপি।