আজই বার্সার শিরোপা উৎসব?
আজ কি চ্যাম্পিয়ন হয়েই নামছে বার্সেলোনা, নাকি চ্যাম্পিয়ন হওয়ার জন্য?
এই প্রতিবেদন পড়ার সময় জেনে গেছেন অনেকেই। বার্সার শিরোপা উৎসব অন্তত একটা দিন পিছিয়ে দিতে রিয়াল মাদ্রিদ গিয়েছিল বার্সেলোনায়। আর শিরোপা জয়ের উৎসব করতে বার্সা গিয়েছে মাদ্রিদে। বার্সেলোনা শহরেরই আরেক দল এসপানিওলের বিপক্ষে গত রাতে মাঠে নেমেছিল রিয়াল। এই ম্যাচে রিয়াল পয়েন্ট হারিয়ে থাকলে নিশ্চিত হয়ে গেছে বার্সার শিরোপা। তবে যা-ই হয়ে থাকুক না কেন, আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতেই শিরোপা ফিরে পাওয়ার উৎসব করতে চায় বার্সেলোনা।
তবে জর্ডি আলবার মনে ঠিক উৎসবের আমেজ নেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন-লজ্জাটা যায়নি এখনো। লা লিগা আবার গত কয়েক বছরের মতো জমেনি, প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি রিয়াল। বার্সার শিরোপা জয় সময়ের ব্যাপার হয়ে গিয়েছে অনেক আগেই।
আলবা তাই ঠিক উপভোগের মেজাজে নেই, ‘এই শিরোপা মিশনকে আমি ভালো নম্বরই দেব। চ্যাম্পিয়নস লিগ খুব ভালো যায়নি, ৪-০-তে হারাটা ছিল বেদনাদায়ক। বায়ার্ন দুর্দান্ত খেলেছে, আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আর মাদ্রিদ এতই পেছনে পড়ে গেছে যে লিগ শিরোপাটাও কেমন মূল্যহীন লাগছে।’
আলবার সতীর্থ থিয়াগো আলকানতারা আবার আরেক সতীর্থের হয়ে জবাব দিয়েছেন হোসে মরিনহোর কথার। ক্যাসিয়াসকে বসিয়ে রাখায় মরিনহোর সমালোচনা করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। জবাবে মরিনহো বলেছিলেন, ‘ইনিয়েস্তার উচিত নিজেদের দিকে মন দেওয়া। মেসিকে ছাড়া নামলেই ভূরি ভূরি গোল খাওয়ার কারণ বের করা।’ এরই জবাব দিলেন থিয়াগো, ‘আমি সবাইকে শ্রদ্ধা করি। কিন্তু লোকে যখন আমাদের নিয়ে কথা বলে, তখন তো আমাদের গায়ে লাগেই। মরিনহো তাঁর মত দিয়েছেন। তবে ওসব স্রেফ বলার জন্য বলা, কোনো সত্যতা নেই। বছর খানেক পরই কেউ মনে রাখবে না মরিনহো কী বলেছিল।’ ওয়েবসাইট।