আজই বেলের রিয়াল-অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল
গ্যারেথ বেল

সব জল্পনা-কল্পনা শেষ, প্রতীক্ষার অবসান হতে চলল বলে। সবকিছু ঠিকমতো গেলে আজই অভিষেক হয়ে যাচ্ছে ‘হানড্রেড মিলিয়নম্যান’ গ্যারেথ বেলের। কাল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন ভিয়ারিয়ালের বিপক্ষে বেলকে আজ দেখা যাবে রিয়ালের জার্সি গায়ে।
কী একটা টানাপোড়েনই না গেল! কয়েক মাস আগে থেকেই মনে হচ্ছিল বেলের আসাটা সময়ের ব্যাপার। অথচ প্রক্রিয়াটা ঝুলে থাকল দীর্ঘদিন। শেষ পর্যন্ত অনেক নাটকের পর বেল এলেন রিয়াল মাদ্রিদে। আর প্রচারমাধ্যমের খবর অনুযায়ী সেটা দলবদলের রেকর্ড গড়েই। যদিও রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে দাবি করেছে অঙ্কটা ক্রিস্টিয়ানো রোনালদোর ৯ কোটি ৪০ লাখ ইউরোর চেয়ে কম।
বেলের আসাটা নিশ্চিত হলেও প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল, রিয়ালে ঠিক কোথায় খেলবেন বেল? প্রথম ম্যাচেই আনচেলত্তি এই উইঙ্গারকে সুযোগ দেবেন তো? বেল পরশু জানিয়ে দেন পজিশন নিয়ে আপত্তি নেই তাঁর, ‘কোচ আমাকে যেখানে খেলতে বলবেন সেখানেই আমি খেলব। আমি দলের জন্য শতভাগ ঢেলে দেব। আশা করছি, দলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারব। মাঠেই সেটা আপনারা দেখতে পাবেন।’
কাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বেল সম্পর্কে বলেছেন, ‘বেল প্রাক-মৌসুমে খুব একটা খেলেনি। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ নয়। সে দলের সঙ্গে যাচ্ছে। সে খেলবে।’
একটা ‘চমক’ অবশ্য ঠিকই রেখে দিয়েছেন রিয়াল কোচ, ‘সে শুরু থেকেই খেলবে নাকি দ্বিতীয়ার্ধে নামবে, সেই সিদ্ধান্ত এখনো আমি নিইনি। এ মুহূর্তে তার কোনো চোটসমস্যা নেই। সে খুবই রোমাঞ্চিত। নামার জন্য সে অধীর হয়ে আছে।’ কোথায় খেলবেন সেই উত্তরটাও দিয়ে দিয়েছেন, ‘প্রায় নিশ্চিত যে সে ডান দিকে খেলবে।’ বেল ও রোনালদো দুই উইংয়ে, ভিয়ারিয়াল ফুলব্যাকদের কাল ঠিকমতো ঘুম হয়েছে কি না কে জানে!
অবশ্য রোনালদো নিজেই খানিকটা ঝুঁকিতে ছিলেন। চোটের জন্য কদিন আগে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি ‘সিআর সেভেন’। আনচেলত্তি অবশ্য জানিয়েছেন রোনালদো খেলবেন, ‘ক্রিস্টিয়ানো ঠিক আছে। সে সেরে উঠেছে, ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে।’
আনচেলত্তির এখনকার মাথাব্যথার নাম অবশ্য রক্ষণ। মার্সেলো, কোয়েন্ত্রাও, ভারানরা চোটের কারণে দলের বাইরে। আজকের ম্যাচের আগে তাই মাত্র চারজন ফিট ডিফেন্ডার পাচ্ছেন এই ইতালিয়ান। ভিয়ারিয়ালও মোটেই সহজ প্রতিপক্ষ হবে না, এখন পর্যন্ত মাদ্রিদের মতো তারাও জিতেছে টানা তিন ম্যাচে!
সেদিক দিয়ে বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনোর অত দুশ্চিন্তিত থাকার কথা নয়। প্রতিপক্ষ সেভিয়া তিন ম্যাচ থেকে পেয়েছে মাত্র ২ পয়েন্ট। কিন্তু বার্সা লেফটব্যাক আদ্রিয়ানো ম্যাচটিকে সহজ মনে করছেন না, ‘এমেরি (সেভিয়া কোচ) যে দলের দায়িত্বে থাকেন তারা সব সময়ই আমাদের কাজটা কঠিন করে তোলে। এটা ঘরে হোক বা বাইরে।’
মার্টিনোর স্বস্তির আরও কারণ আছে। মেসি বাছাইপর্বে দুর্দান্ত খেলছেন, দলে তেমন চোটসমস্যাও নেই। ঊরুর চোট কাটিয়ে দলে ফিরেছেন সার্জিও বুসকেটস। এএফপি।