
দুর্দান্ত একটা বিশ্বকাপ উপভোগ করছি। দলগুলোর মধ্যে শক্তির ব্যবধান এত কমে এসেছে যে, কে জিতবে বলা খুবই কঠিন। প্রতিটি ম্যাচই স্নায়ুর পরীক্ষা নিচ্ছে।
কোনটা ছেড়ে কোনটা বলি! একের পর এক রুদ্ধশ্বাস সব চিত্রনাট্য। দ্বিতীয় রাউন্ডটা মনে হচ্ছে দলগুলোকে একটু বেশিই অনিশ্চয়তার বৃত্তে ফেলে দিয়েছে। এ রাউন্ডের বৈতরণি পার হতে গোলরক্ষক হুলিও সিজারের কাঁধে ভর করল ব্রাজিল। জেমস রদ্রিগেজের চোখধাঁধানো গেল শেষ আটে তুলল কলম্বিয়াকে। পরশু হল্যান্ড হারতে হারতে জয় তুলে নিয়েছে মেক্সিকোর বিপক্ষে, এই ম্যাচও ছিল চরম নাটকীয়তায় ভরপুর।
তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম, হল্যান্ড জিতবে। কখনোই মনে হয়নি ডাচরা নকআউটের শুরুতেই হেরে বাড়ির পথ ধরবে। কে জানি ডাচ দলটার ওপর আমার অনেক আস্থা।
সেটা দলটাকে সমর্থন করি বলেই নয়, রোবেন-স্নাইডারদের সামর্থ্যও আছে। এই হল্যান্ড দলটাকে নিয়ে তাদের দেশেও তেমন প্রত্যাশার বলয় তৈরি ছিল না এবার। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠে ওরা ঠিকই আলোটা কাড়ছে। যেমনটা গ্রুপপর্বে নিজেদের দিকে আলো টেনে নিয়েছে কোস্টারিকার মতো দল। গ্রিসের বিপক্ষে যদিও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বিরক্তিকর ম্যাচেও তাদের জয়টা রুদ্ধশ্বাস টাইব্রেকারে।
শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ আর্জেন্টিনার দিকে তাকিয়ে কোটি কোটি ভক্ত। জানি না, আজও স্নায়ুর ওপর চাপ পড়বে কি না। প্রতিপক্ষ সুইজারল্যান্ড বলে অনেকে হয়তো ভাবতে পারেন, এটা সহজ ম্যাচই হবে মেসিদের জন্য। তবে সুইজারল্যান্ড নামটা সমীহ জাগানো নয় হয়তো, কিন্তু ইউরোপিয়ান রক্ত ওদের শরীরে। লড়াই করবে, ভালো কিছু খেলোয়াড়ও আছে দলটিতে। বায়ার্ন মিউনিখে খেলেন দলটির উইঙ্গার জেরদান শাকিরি, এই বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিকটি তাঁর। আরও কয়েকজন খেলোয়াড় ইউরোপের শীর্ষ লিগে খেলেন। কাজেই আর্জেন্টিনার জন্য এটি মোটেও ‘মাঠে নামলাম, জিতলাম’ ব্যাপার হবে না।
তা ছাড়া একের পর এক নাটক এই বিশ্বকাপের সঙ্গে যেভাবে মিতালি পাতিয়েছে, তা অব্যাহত থাকলে আর্জেন্টিনার জন্য সুখকর কিছু নাও হতে পারে। এ কারণেই সতর্ক থেকে আজ খেলতে হবে আর্জেন্টিনাকে। গ্রুপপর্বে কখনো কখনো হেলেদুলে খেলেছে সাবেলার দল, তাতে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি। কিন্তু নকআউটে সেরা খেলার বিকল্প নেই। তাই আজই বোঝা যাবে, আর্জেন্টিনা কাপ জেতার জন্য কতটা প্রস্তুত।
আগেই বলেছি ১৬টি যোগ্য দলই উঠেছে দ্বিতীয় রাউন্ডে। যোগ্যদের লড়াইয়ে নিজেকে প্রমাণ করার একটা চ্যালেঞ্জ আছে। ব্রাজিল সেই চ্যালেঞ্জে ভাগ্যের খানিক সহায়তা পেয়েছে বলে আর্জেন্টিনাও পাবে এমন না-ও হতে পারে। কাজেই আর্জেন্টিনা মাঠে খেলেই জেতার জন্য তৈরি থাকতে হবে। ওদের মাঝমাঠটাও ভালো, বেশ সংগঠিত। কিন্তু রক্ষণে ফাঁক আছে। তবে আর্জেন্টিনা ২ গোল খেলে ৩ গোল দেওয়ার সামর্থ্য রাখে, এটা ওদের শক্তির বড় দিক।
মেসির কথা নতুন করে নাই-বা বললাম। তিনি একাই গুঁড়িয়ে দিতে পারেন যেকোনো প্রতিপক্ষকে। সুইজারল্যান্ড সেটা মাথায় রেখেই মাঠে নামবে এবং মেসিকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু তাঁকে আটকাতে পারলেও তাঁর পায়ের জাদু কি থামিয়ে দেওয়া যাবে?