আজই মাঠে নেইমার?
দারুণ জমে উঠেছে লা লিগা। তিন দিন পরেই চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে বার্সেলোনার নকআউট পর্বের ম্যাচ। কঠিন একটা সময়ের আগে একটা সুখবর পেল বার্সা। অ্যাঙ্কলের চোট কাটিয়ে উঠেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। সিটির সঙ্গে তো খেলতে পারবেনই, আজ লা লিগায় রায়ো ভায়েকানোর ম্যাচেই নেইমারকে দেখা যেতে পারে।
চোট পেয়েছিলেন গত মাসে গেটাফের সঙ্গে কোপা ডেল রের ম্যাচে। এরপর আট ম্যাচ মাঠে নামতে পারেননি। আজকের ম্যাচটা বার্সার তো বটেই, রিয়াল-অ্যাটলেটিকোর জন্যও সমান গুরুত্বপূর্ণ। লা লিগায় এখন তিন দলেরই পয়েন্ট ৫৭, বার্সা শীর্ষে গোল ব্যবধানে। আজ নিজেদের মাঠে ভ্যালাদোলিদের সঙ্গে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফের মাঠে রিয়াল মাদ্রিদের ম্যাচটা কাল।
মাঠে নামার আগে নেইমার ‘সুখবর’ পেয়েছেন আরেকটা। বার্সা স্ট্রাইকারের বিতর্কিত দলবদলের সব দলিল প্রকাশের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সান্তোস। কিন্তু ব্রাজিলিয়ান আদালত সেটি নাকচ করে দিয়েছেন। এএফপি।