আজই মাহমুদার পরীক্ষা

>টুর্নামেন্টে দলের তিন ম্যাচে কোনো গোল হজম করেনি গোলরক্ষক মাহমুদা আক্তার। আজ ফাইনালেও সে অক্ষত রাখতে চায় গোলপোস্ট
ব্যাপারটা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গেছে মাহমুদা আক্তারের। প্রতিপক্ষের জালে ঘন ঘন বল ঢুকবে, আর বাংলাদেশের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে অলস ভঙ্গিতে সেটা তাকিয়ে দেখবে এই গোলরক্ষক। থিম্পুতে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফে এ পর্যন্ত তিন ম্যাচে সবচেয়ে বেশি ২২টি গোল দিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের অন্য পাঁচটি দলের জালে বল ঢুকলেও এখন পর্যন্ত বাংলাদেশকে কেউ গোল দিতে পারেনি।
বাংলাদেশের রক্ষণভাগে সেভাবে বল আসছে না, তেমন পরীক্ষারও মুখোমুখি হতে হয়নি কলসিন্দুর গ্রামের কিশোরীর। এমনও হচ্ছে, প্রায় সময় মাঝমাঠে উঠে দাঁড়িয়ে থাকছে মাহমুদা। আনাই মগিনি, নাজমা খাতুন, আঁখি খাতুনদের নিয়ে গড়া রক্ষণভাগ যাদের এমন শক্তিশালী, সেই দলে এভাবে অলস দাঁড়িয়ে থাকা ছাড়া আর কীই-বা করার থাকে মাহমুদার? ভারতের বিপক্ষে আজকের ফাইনালেও নিশ্চয়ই মারিয়া মান্দা-আঁখি খাতুনেরা চাইবে না মাহমুদা কঠিন পরীক্ষায় পড়ুক।
তবে এভাবে নিশ্চল দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না মাহমুদার, ‘মাঠে অলস দাঁড়িয়ে থাকতে খারাপ লাগে। এভাবে দাঁড়িয়ে থাকা বিপজ্জনকও। যদি হঠাৎ করে কোনো বল এসে যায়! এ জন্য সব সময় বলের ওপর নজর রেখে নড়াচড়া করি।’
টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তানের গোলরক্ষক আয়েশা নাসিম হজম করেছে ১৪ গোল। মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে সেটা দেখেছে মাহমুদা। গোলরক্ষক হিসেবে আয়েশার জন্য সেদিন সমবেদনাই ঝরেছে মাহমুদার কণ্ঠে, ‘কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলতে নামলে আমারও এমন অবস্থা হতে পারত। ওর জন্য সেদিন খারাপই লেগেছে।’
নেপালে ২০১৪ এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পথচলা মাহমুদার। সেই থেকে টানা চার বছর বয়সভিত্তিক দলে নিয়মিত। গত বছর থাইল্যান্ডের চনবুরিতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জাপানের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে জাপান গোল দিতে পারেনি শুধু মাহমুদার দৃঢ়তায়। ম্যাচ শেষে তো জাপানি কোচ প্রশংসায় ভিজিয়ে দেন মাহমুদাকে। ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাহমুদার বদলে বাংলাদেশের গোলপোস্টের নিচে রোকসানা বেগমকে নামিয়েছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। উত্তর কোরিয়ার কাছে সেদিন ৯-০ গোলে উড়ে যায় বাংলাদেশ। ৭ গোল হজম করার পর কোচ মাহমুদাকে নামাতে বাধ্য হয়েছিলেন।
মাহমুদার উচ্চতা ৫ ফুট। এই উচ্চতা নিয়ে গোলরক্ষক হওয়ার কথা নয়। কিন্তু কলসিন্দুর স্কুলের ক্রীড়া শিক্ষক মফিজুল ইসলাম মাহমুদাকে গোলরক্ষক হিসেবে খেলাতে শুরু করেন। গোলপোস্টের নিচের চ্যালেঞ্জটা দারুণ উপভোগ্য এখন মাহমুদার কাছে, ‘স্কুলের মাঠে আমার অনুশীলন দেখে একদিন মফিজ স্যার বললেন, তুই গোলরক্ষক হবি। খেলতে খেলতেই এই পজিশনটার প্রতি ভালোবাসা জন্মে গেছে। এখন এটা দারুণ উপভোগ করি।’
মাহমুদার প্রিয় গোলরক্ষক জার্মানির ম্যানুয়েল নয়্যার। সময় পেলেই ইউটিউব ঘেঁটে নয়্যারের ভিডিও দেখেন। কলসিন্দুরের আর আট-দশজন ফুটবলারের মতোই মাহমুদার উঠে আসার গল্প। গতকাল চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলনের পর সংগ্রামের সেই স্মৃতিচারণা করছিল মাহমুদা, ‘শুরুর দিকে বাবা-মা চাইতেন না আমি ফুটবল খেলি। লুকিয়ে খেলতে যেতাম। স্কুল ছুটির পরও সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুটবল খেলতাম। প্রথম প্রথম বাবা বলতেন, এত দেরি হলো কেন? আমি স্কুলের কথা বলে পার পেয়ে যেতাম। কিন্তু পরে ঠিকই জেনে যান যে আমি ফুটবল খেলি।’ শুধু হাতে নয়, আধুনিক ফুটবলের কৌশল রপ্ত করে ইদানীং পায়েও খেলার চেষ্টা করছে মাহমুদা।
টুর্নামেন্টের শুরু থেকেই ভাবা হচ্ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে হতে পারে ফাইনাল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। আজই মাহমুদার বড় পরীক্ষা। ফাইনালে ভারতের সামনে কি প্রাচীর তুলে দাঁড়াতে পারবে মাহমুদা?