আজই শুরু নতুন অধ্যায়
একটা অধ্যায় শেষ। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ পেয়ে গেছে স্বপ্নের ওয়ানডে মর্যাদা। এই আনন্দের রেশ না কাটতেই আজই মাঠে নামছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইপর্বে আজ পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ বিকেএসপিতে। মহিলা ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড।বিকেএসপিতে এই আয়ারল্যান্ডকে হারিয়েই বাংলাদেশের সামনে খুলে যায় ওয়ানডে মর্যাদা পাওয়ার দুয়ার। বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ারও সম্ভাবনা জেগেছিল, যদিও শেষ পর্যন্ত সেটি আসেনি। তবে না এলেও আজকের ম্যাচটি দিয়ে নতুন অধ্যায়ে ঢুকছে বাংলাদেশের মহিলা ক্রিকেট।সেদিক থেকে এই ম্যাচ বাংলাদেশের মহিলা ক্রিকেটে ইতিহাসের উপলক্ষ। তবে আয়ারল্যান্ডের কাছে এটি আবার প্রতিশোধের ম্যাচও। এই বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের কাছে হারের পর আইরিশ কোচ খুব করেই বাংলাদেশ দলকে আবার সামনে পেতে চেয়েছিলেন। তাঁর সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। কিন্তু আইরিশদের জয়ের দ্বিতীয় ইচ্ছাটাকে নিশ্চয়ই কোনো অবস্থাতেই পূরণ হতে দিতে চাইবে না বাংলাদেশ। নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডেতে যে জয়ের স্বপ্নই আঁকবে সালমা খাতুনের দল। আজই বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানের জন্য মিরপুরে নামছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ।ওদিকে বাংলাদেশের মহিলা দলকে কাল সংবর্ধনা দিয়েছে বিসিবি। ওয়ানডে মর্যাদা পাওয়ায় খেলোয়াড়েরা পেয়েছেন আর্থিক পুরস্কার। বিসিবির পক্ষ থেকে অধিনায়ক সালমা খাতুন ও উদ্বোধনী ব্যাটার শুকতারা রহমান ৫০ হাজার টাকা করে, দুবার ম্যাচসেরা স্পিনার খাদিজাতুল কুবরা এক লাখ ২৫ হাজার টাকা, বাকি খেলোয়াড়েরা ২৫ হাজার টাকা করে পেয়েছেন। বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল পুরো দলকে ব্যক্তিগতভাবে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রিমিয়ার ব্যাংকও মহিলা দলকে ৫ লাখ এবং দলের স্পনসর ডায়মন্ড ওয়ার্ল্ড প্রত্যেক খেলোয়াড়কে দিচ্ছে ১০ হাজার টাকা করে।অনুষ্ঠানে বিসিবির সভাপতি বলেছেন, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারের সংখ্যা ৩০ করা হবে। সব বিভাগে ভালো কোচ নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছেন মুস্তফা কামাল। শিগগিরই মেয়েদের ক্যাম্প ডাকবে বিসিবি। কোচ মমতা মাবেন বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রশংসায় পঞ্চমুখ। এই বিশ্বকাপ বাছাইপর্ব যে প্রচার পেয়েছে, তাতে তিনি অভিভূত। কারণ, প্রচার-প্রচারণায় মেয়েরা খেলার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হয়েছে। সামনে আরও ভালো করবে বলে আশাবাদী এই ভারতীয় কোচ।