আজই শুরু নতুন ফুটবল মৌসুম
এ মৌসুমের ঘরোয়া ফুটবল মাঠে নামার আগেই একটা প্রশংসা প্রাপ্য ক্লাবগুলোর। অতীতে এক মৌসুম শেষে আরেকটি মৌসুম শুরু করতে ক্লাবগুলো জোটবদ্ধ হয়ে নানা টালবাহানা করত। ফেডারেশনও দ্রুত খেলা শুরু করত না। মৌসুম শুরু হতে হতে চার-পাঁচ মাস লেগে যেত। এবার তা হয়নি। গত ৩ জুলাই আগের মৌসুম শেষ হওয়ার তিন মাসের মাথায় আজ মাঠে গড়াচ্ছে নতুন ফুটবল মৌসুম।যথারীতি প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। এটি লিগের আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। নতুন দলকে এই টুর্নামেন্টে বাজিয়ে দেখে ক্লাবগুলো। যদিও এই ফেড কাপের বাছাইপর্ব শুরু হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। সে অর্থে ঘরোয়া ফুটবল মাঠে নেমেছে আরও আগেই। তবে বড় দলগুলো নামছে আজ শুরু চূড়ান্ত পর্বে। বাছাইপর্বটা এবারই প্রথম ঢাকার বাইরে হয়েছে। ফেনী ও যশোর ছিল ভেন্যু। তবে প্রতিদ্বন্দ্বিতা বলতে ছিল না কিছুই। নয় দল থেকে চূড়ান্ত পর্বে উঠে এসেছে ছয়টি দল।সকাল দেখে যেমন দিনটা কেমন যাবে ধারণা মেলে, ফেডারেশন কাপ দেখেও ক্লাবগুলো বুঝে নিতে পারে মৌসুমটা কেমন কাটবে। শুরুতেই শেখ রাসেল ক্রীড়াচক্রকে দিতে হবে একটা পরীক্ষা। কেননা স্থানীয় খেলোয়াড় নিয়ে কাগজে-কলমে এবার সেরা দলটা তাদেরই। আবাহনী, শেখ জামালও শক্তিশালী হয়েছে। মোহামেডান, বিজেএমসি শিরোপার লড়াইয়ে থাকার দাবি তুলছে। সব মিলিয়ে ফেড কাপটা প্রতিদ্বন্দ্বিতামুখরই হতে পারে।ফুটবলাররা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো পারিশ্রমিক পেয়েছেন। সর্বোচ্চ ২৯ লাখ টাকা পেয়েছেন একজন। সেই অনুযায়ী ফুটবলারদের মাঠের পারফরম্যান্স দেখার কৌতূহল থাকছে। লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি পাওয়া খেলোয়াড়দের কাছ থেকে ফল পেতে উদ্গ্রীব তাদের দলও।বাংলাদেশ লিগের ৯টিসহ ১৫টি দল খেলছে এবারের গ্রামীণফোন ফেড কাপে। বাংলাদেশ লিগে দল ১০টি, তার মধ্যে নবাগত কক্স সিটি শেষ মুহূর্তে রামুর সাম্প্রদায়িক সহিংসতাকে কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছে। তাদের কয়েকজন খেলোয়াড় ওই সহিংসতায় ক্ষতিগ্রস্ত বলে বাফুফেকে জানিয়েছে দলটি।বাফুফের টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের ব্যর্থতা এবং আরও কিছু কারণে ফেড কাপের বাছাইয়ে অনেক দলই খেলতে আসেনি। এমনকি সূচি চূড়ান্ত হওয়ার পরও এবার ব্যতিক্রমীভাবে নাম প্রত্যাহার করেছে। কক্স সিটি বাংলাদেশ লিগে খেলবে কি না, তা নিয়েও এখন অনেকের সংশয়। দলটির আর্থিক সমস্যা প্রকট। তা ছাড়া কক্সবাজার থেকে ঢাকায় এসে ম্যাচ খেলা তাদের জন্য বিরাট এক ঝামেলা। সব মিলিয়ে কক্স সিটিকে নিয়ে খোদ বাফুফেই উদ্বিগ্ন।কাল বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিও চিন্তা ফেলেছে সবাইকে। টানা বৃষ্টি চলতে থাকলে বাধাপ্রাপ্ত হবে ফেডারেশন কাপ। বিদেশি খেলোয়াড়ও এবার ঠিকমতো আনতে পারছে না অনেক দল। সরকার বিদেশিদের জন্য ছয় মাসের ভিসা নিয়ে আসা বাধ্যতামূলক করায় বেশির ভাগ দলই এবার বিপাকে। আজকের খেলামোহামেডান-রামপুর বয়েজ ওশেখ রাসেল-বাংলাদেশ পুলিশ(বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)বিজেএমসি-খুলনা আবাহনী(বেলা ৩-৩০ মি., কমলাপুর স্টেডিয়াম)