আজই শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের অলিম্পিক
ব্যারন পিয়েরে দ্য কুবার্তিনের আদর্শকে বাংলাদেশ বরাবরই অনুসরণ করে এসেছে। জেতাটা বড় কথা নয়, অংশ নেওয়াটাই বড়। বাংলাদেশ অলিম্পিকে কখনো কোনো পদক জেতেনি। পদক না-জেতা সবচেয়ে জনবহুল দেশ হিসেবে রেকর্ডও করে ফেলেছে। এবারও সেই রেকর্ড ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।লন্ডন অলিম্পিকে বাংলাদেশের পাঁচজন অ্যাথলেটের কেউই অলিম্পিকের জন্য নির্ধারিত মানদণ্ড অর্জন করতে পারেননি। সুযোগ মিলেছে আইওসির কোটায়। পাঁচজনের মধ্যে আর্চার ইমদাদুল হক (মিলন) আজ প্রতিযোগিতার প্রথম দিনেই পেয়ে যাচ্ছেন অলিম্পিকের স্বাদ। ক্রিকেটের মাঠ লর্ডসে এবার অলিম্পিকের আর্চারি। সেখানেই আজ সকালে রিকার্ভ বো ইভেন্টের র্যাংকিং রাউন্ড। পদক-টদকের ব্যাপার নেই আজ। শুধু চূড়ান্ত হবে বাছাই তালিকা। ৬৪ জন আর্চার কে কার সঙ্গে খেলবেন, তা ঠিক করতে একসঙ্গে সবাই প্রতিযোগিতায় নামবেন। সম্ভাব্য ৭২০ স্কোরের মধ্যে সবচেয়ে বেশি স্কোর করা আর্চার খেলবেন সবচেয়ে কম স্কোর করা আর্চারের সঙ্গে। ইমদাদুলের ইভেন্টে পদকের লড়াই শুরু ৩০ জুলাই।১০ মিটার এয়ার রাইফেলে শারমিন আক্তার (রত্না) শ্যুটিং রেঞ্জে নেমে পড়ছেন আগামীকাল। ইংল্যান্ডে অনেক দিন প্রশিক্ষণ নিয়েছেন। অন্য দেশের অ্যাথলেটদের প্রস্তুতির তুলনায় হয়তো বলার মতো তেমন কিছু নয়, তবে এর আগে বাংলাদেশের আর কেউ বোধ হয় অলিম্পিকে আসার আগে এত দিন বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাননি। তার পরও শারমিন নিজের সেরা স্কোরটা করতে পারলেই হয়তো খুশি থাকবেন।লন্ডন অলিম্পিকে বাংলাদেশের বাকি তিন অ্যাথলেট হলেন—সাইক সিজার (জিমন্যাস্টিকস), মাহফিজার রহমান (সাঁতার) ও মোহন খান (অ্যাথলেটিকস)।