৪-০, ২৬-০, ১৩-০, ১৬-০। প্রতিপক্ষকে এভাবে বিধ্বস্ত করেই প্রথম ওয়ালটন মহানগর মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে শেখ জামাল। ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ শিরোপাপ্রত্যাশী মোহামেডান। আজ দেখা যাবে আসলেই কতটা বিধ্বংসী দল শেখ জামাল!অধিনায়ক তৃষ্ণা চাকমা অবশ্য দারুণ আত্মবিশ্বাসী, ‘মোহামেডানকে আমরা মোটেও খাটো করে দেখছি না। আমাদের কাছে প্রতিটি দলই শক্তিশালী। তবে যেভাবে খেলে ফাইনালে উঠেছি, তাতে চ্যাম্পিয়ন হওয়ারই আশা করছি আমরা।’ গ্রুপ পর্ব থেকে ব্রাদার্স নাম তুলে নেওয়ায় মাত্র এক ম্যাচ খেলেই সেমিফাইনালে উঠেছে মোহামেডান। শেখ জামালের চেয়ে অনেক পরে অনুশীলন শুরু করে লিগেও মাত্র দুই ম্যাচ খেলে ফাইনালে সাদা-কালোরা। কোচ মোহাম্মদ পনির তবুও আশাবাদী, ‘শেখ জামালের চেয়ে কম ম্যাচ খেললেও মোহামেডান ছেড়ে কথা বলবে না। আমরা শিরোপার জন্যই লড়ব। আশা করি, জমজমাট এক ফাইনাল হবে।’ অধিনায়ক ডালিয়া আক্তারের মুখেও একই কথা, ‘আমরা অনুশীলন কম করলেও সেরাটা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।’ফাইনালের আগেই বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু) সফল আয়োজনের তৃপ্তিতে ভাসছেন। ফেডারেশন ভবনে আয়োজিত কালকের সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম জানান, ‘আগামী বছর আরও জমজমাট হবে মহিলা লিগ। গরম এড়াতে নভেম্বরের প্রথম সপ্তাহে এটি শুরু হতে পারে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার।